কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি শফিউল ইসলাম যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্তাপাড়া এলাকা থেকে গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জের খলসি দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান শিক্ষক। শফিউল গত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত তাঁর বাড়িতে ভাড়া ছিলেন। শফিউলের সঙ্গে স্ত্রী-সন্তানও থাকতেন। ভাড়া নেওয়ার সময় তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছিলেন।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক মো. কায়সার আলী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, শফিউল পান্তাপাড়া এলাকায় ভাড়া ছিলেন কয়েক মাস। বাড়ির মালিক আনোয়ার জানিয়েছেন, শফিউল ও তাঁর পরিবারের সদস্য এবং কথিত এক ভাইকে ছাড়া কাউকে বাসায় দেখেননি তিনি।
আনোয়ার হোসেনের জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তারা।
গতকাল উপজেলা শহরের পান্তাপাড়ায় আনোয়ার হোসেনের বাসায় গিয়ে দেখা যায়, সেখানে একটি আধা পাকা টিনশেড বাসার সামনের দিকের অংশে শফিউল পরিবার নিয়ে থাকতেন। পেছনের অংশে পরিবার নিয়ে থাকেন আনোয়ার হোসেন। তাঁর স্ত্রী তুহিন বেগম বললেন, ‘শফিউল তাঁর ছোট একটি সন্তান ও স্ত্রীকে নিয়ে আমাদের বাসায় ভাড়া থাকতেন। তাঁরা ঘর থেকে তেমন একটা বের হতেন না।’