শফির ভয়ে মেয়েটি নিয়মিত স্কুলে যেতে পারত না
বগুড়ার শেরপুরে স্কুলপড়ুয়া মেয়েটি বখাটে শফি শেখের (৪৫) ভয়ে নিয়মিত স্কুলে যেতে পারত না। প্রতিবাদ করলে উল্টো হুমকি দিত। সম্প্রতি মেয়েটির বাড়িতে গিয়ে শফি তাকে ধর্ষণের চেষ্টাও চালান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা করেন।
ওই মেয়ে উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবা একজন দিনমজুর।
শেরপুর থানার পুলিশ গতকাল রোববার সকাল নয়টার দিকে শফি শেখকে উপজেলার ভাটরা গ্রামে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর গ্রামের বাসিন্দা।
জামনগর গ্রামের চারজন বাসিন্দা জানান, স্কুলপড়ুয়া ওই মেয়ের সঙ্গে শফির এ ধরনের আচরণের ঘটনা তাঁরাও শুনেছেন। পুলিশের ভয়ে শফি কিছুদিন ধরে গ্রাম ছেড়ে পালিয়ে ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পুলিশের ভয়ে শফি তাঁর শ্বশুরবাড়িতে লুকিয়ে ছিলেন। গতকাল সকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শফি ঘরের জানালা ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এসআই জানান, গত ১ আগস্ট ওই মেয়ের বাবা ও মা আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। এ সময় মেয়েটি একাই বাড়িতে ছিল। এই সুযোগে শফি শেখ ওই দিন বিকেলে মেয়ের ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শফি শেখ দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় মেয়ের বাবা গত শনিবার রাতে শফি শেখের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে থানায় মামলা করেন।
তবে গ্রেপ্তারের পর শফি শেখ তাঁর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন।
ওই মেয়ে জানায়, শফি শেখ দুই মাস ধরে স্কুলে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করছেন ও খারাপ কথা বলছেন। সে নিষেধ করলেও উল্টো তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন তিনি। শফির ভয়ে সে নিয়মিত স্কুলে যেতে পারছে না। মেয়ের বাবা জানান, মেয়ের কাছে ঘটনা শুনে তিনি শফি শেখকে কয়েকবার নিষেধ করেছেন, তবু তিনি সংশোধন হননি। উল্টো শফি মামলা করলে তাঁদের গ্রামছাড়া করবেন বলে হুমকি দিয়েছেন।