শরণখোলায় বাগান থেকে মাটিচাপা দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের একটি বাগান থেকে পুলিশ গত মঙ্গলবার দুপুরে মাটিচাপা দেওয়া দুটি লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, তাঁদের হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের মজিবর রহমান হাওলাদার (৫৬) ও পটুয়াখালী সদরের পশ্চিম আউলিয়াপুর গ্রামের সোবাহান হাওলাদার (৫৮)। আটক সন্দেহভাজন ব্যক্তি হলেন শরণখোলার উত্তর তাফালবাড়ি গ্রামের হাবিবুর রহমান হাবিল ও তাঁর মা আমিরুন্নেছা।
পুলিশের ধারণা, হত্যাকারী ও নিহত ব্যক্তিরা কোনো অপরাধী চক্রের সদস্য। টাকা ভাগাভাগি নিয়ে আটক হাবিল ওই দুজনকে কৌশলে নিজবাড়িতে ডেকে এনে হত্যার পর পার্শ্ববর্তী একটি বাগানে মাটিচাপা দিয়ে রেখেছিলেন।
পুলিশ জানায়, লাশ দুটি উদ্ধারের পর সেগুলো ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সোবাহান হাওলাদারের ছেলে নাসির হাওলাদার ও মজিবর হাওলাদারের ছেলে মনির হাওলাদার বিকেলে মর্গে গিয়ে লাশ দুটি শনাক্ত করেন।
এদিকে বাগেরহাট পুলিশের তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের একটি দল মিরপুর এলাকা থেকে হাবিল ও তাঁর মাকে আটক করেছে বলে জানান শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক। তিনি বলেন, তাঁদের বাগেরহাটে নিয়ে আসা হচ্ছে।
ওসি আরও বলেন, নিহত মজিবর রহমানের শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে সোবাহানের দেহে জখম রয়েছে। হাবিলকে জিজ্ঞাসাবাদ করা গেলে হত্যাকাণ্ড নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যেতে পারে।
নিহত সোবাহানের ছেলে নাসির হাওলাদার এই প্রতিবেদককে বলেন, তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করে পটুয়াখালী সদরের বাঁধঘাটে বাড়ি ভাড়া করে থাকতেন। গত ১৮ সেপ্টেম্বর নিখোঁজ হন তিনি। পরে ২৮ সেপ্টেম্বর পটুয়াখালী থানায় এ বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অন্যদিকে নিহত মজিবরের ছেলে মনির হাওলাদার বলেন, তাঁর বাবা আট বছর আগে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন। বাবার সঙ্গে তাঁদের তেমন যোগাযোগ ছিল না।