শরণখোলায় সংখ্যালঘুর বাড়ি ও মন্দির ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একটি বাড়ি ও মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে।
দখলের উদ্দেশ্যে স্থানীয় আবদুর রাজ্জাক শরীফ নামের এক ব্যক্তির নেতৃত্বে ২৫-২৬ জন সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল থেকে হামলাকারী শরীফের মা, এক ভাই ও ওই ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ, মন্দিরের সেবায়েত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে আবদুর রাজ্জাক শরীফ ২০-২৫ জন লোক নিয়ে রাজাপুর বাজারের শ্রীশ্রী গোবিন্দ মন্দিরের সেবায়েত দ্বিজেন্দ্রনাথ হালদারের বসতঘরে হামলা চালান। এ সময় দ্বিজেন্দ্রনাথ প্রাণভয়ে ঘরের পেছন দিক দিয়ে পালিয়ে যান। সন্ত্রাসীরা তাঁর ঘরের আসবাব, প্রার্থনা মন্দির, দেব-দেবীর ছবি ভাঙচুর করে এবং স্বর্ণালংকার ও মন্দিরের দানবাক্স থেকে অর্থ লুট করে। এলাকাবাসী জানান, ওই জমি নিয়ে দ্বিজেন্দ্রনাথের সঙ্গে আবদুর রাজ্জাক শরীফের আদালতে মামলা চলছে। আবদুর রাজ্জাক শরীফ রাজাপুর গ্রামের হাবিবুর রহমান শরীফের ছেলে।
গতকাল শনিবার বিকেলে যোগাযোগ করা হলে আবদুর রাজ্জাক শরীফ দাবি করেন, দ্বিজেন্দ্রনাথ হালদারের বাবা ও কাকার কাছ থেকে তিনি ২ একর সাড়ে ১৩ শতাংশ জমি কিনে সেখানে বাগানবাড়ি করেছেন। হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তাঁর মা, ভাইসহ পরিবারের সদস্যরা ওই বাগানবাড়িতে অবস্থান করছিলেন। দ্বিজেন্দ্রনাথ পরিকল্পিতভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে নাজেহাল করতে হামলা ও দখলের অভিযোগ সাজিয়েছেন।
এ দাবি অস্বীকার করে দ্বিজেন্দ্রনাথ হালদার বলেন, রাজ্জাক শরীফ জাল দলিল করে তাঁদের জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে বাগেরহাটে আদালতে মামলা রয়েছে। রাজ্জাক শরীফের দখলে কোনো বাগানবাড়ি নেই। হামলার ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ধানসাগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম জানান, ওই দুজনের মধ্যে জমি নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন। শুক্রবার গভীর রাতে দ্বিজেন্দ্রনাথের বসতবাড়িতে হামলার খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি শরণখোলা থানায় জানান। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে রাজ্জাক শরীফের মা নূর জাহান, ভাই সোলায়মান শরীফ ও তাঁর স্ত্রী সুমি আক্তারকে গ্রেপ্তার করেছে। তাঁদের গতকাল দুপুরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে জমির কয়েকটি দলিল জব্দ করা হয়েছে।