যশোর সদর উপজেলায় শরিফুল ইসলাম নামের এক কৃষককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ অস্বীকার করেছে এ ঘটনায় হওয়া মামলার প্রধান আসামিদের পরিবার। গতকাল শনিবার যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা।
দুপুরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিংহা গ্রামের বাসিন্দা ফজর আলী গাজী, তাঁর বড় ছেলে আয়ুব আলী, রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কোমর আলী সরদার প্রমুখ। ফজর আলীর দুই ছেলে হাসান আলী ও লাল্টু গাজী কৃষক শরিফুল হত্যা মামলার আসামি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হাসান আলীর স্ত্রী লাকি বেগম। এতে বলা হয়, হাসান আলী ঠিকাদার হিসেবে স্থানীয় প্রাইম ইটভাটায় মাটি সরবরাহ করেন। নিহত শরিফুলের বাড়ির সামনে দিয়ে ট্রলি ও ট্রাকে করে মাটি নিয়ে যাওয়ার সময় ধুলা উড়ত। এ নিয়ে শরিফুলের পরিবারের লোকজনের সঙ্গে হাসান আলীর মনোমালিন্য হয়, এটা ঠিক। কিন্তু শরিফুল মৃগী রোগী ছিলেন। তিনি যন্ত্রণা সহ্য করতে না পেরে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
লাকী বেগম অভিযোগ করে বলেন, ‘শরিফুলের স্বজনেরা আমার স্বামী হাসানকে সমাজে হেয় করতে ও আর্থিকভাবে ক্ষতি করার জন্য মামলায় ফাঁসিয়ে দিয়েছে। পুলিশের ভয়ে এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন।’
সিরাজসিংহা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে শরিফুলকে গত ২১ ফেব্রুয়ারি দুপুরে মারধরের পর ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শরিফুলের ভাই রেজাউল ইসলাম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় হাসান আলীর পাশাপাশি তাঁর ভাই লাল্টু গাজীকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোকলেছুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, মামলায় বাদীর অভিযোগ সত্য। হাসান ও লাল্টু মিলে শরিফুলকে মারধর করে ট্রাকের নিচে ফেলে হত্যা করেছেন। এখন তাঁরা আবার বাদীর পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছেন। আসামিরা পলাতক। তবে পুলিশ তাঁদের ধরতে সচেষ্ট রয়েছে।