রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুরে ছিনতাইকারীদের গুলিতে শরিফ হোসেন ওরফে সায়মন (৩২) নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শরিফের চাচা মজিবুর রহমান খিলগাঁও থানায় মামলা করেন। মামলায় ছিনতাই করে খুনের অভিযোগ করা হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে ফজলুল হক বলেন, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে মতিঝিলের ইউনিভার্সেল মানি এক্সচেঞ্জ বন্ধ করে ইসরাইল হোসেন ও তাঁর ছেলে শরিফ প্রাইভেটকারে করে খিলগাঁওয়ের শান্তিপুরে ফেরেন। এরপর তাঁরা বাড়ির কাছে একটি গ্যারেজে গাড়ি রেখে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে বাসার কাছে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে তিন-চারজন ছিনতাইকারী গুলি করে তাঁদের কাছ থেকে ব্যাগভর্তি ৪৮ লাখ ছিনিয়ে পালিয়ে যায়। পরে সায়মন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ইসরাইল হোসেনের (৫৫) অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করে একটি গুলি বের করা হয়েছে। তাঁর শরীরে থাকা আরও তিনটি গুলি বের করতে আবার অস্ত্রোপচার করা হবে বলে চিকিত্সকেরা জানিয়েছেন।
শরিফের স্বজনেরা জানান, আজ ঢাকা মেডিকেল কলেজের মর্গে শরিফের লাশের ময়নাতদন্ত শেষে লাশ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে। পরে বাবার ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ দাফন করা হবে।