মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সলেমান মোল্লা (৮০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় শরীয়তপুর উপজেলার কাশিপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুশফেক কবীর প্রথম আলোকে জানান, সলেমান মোল্লার বিরুদ্ধে রোববার দুপুরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারের পর গতকাল বেলা তিনটার দিকে ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হলে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার বাদী হয়ে ২০১০ সালের ২৬ মে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। এতে সলেমান মোল্লাসহ নয়জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাতজন মামলা দায়েরের আগেই মারা যান। এ মামলার জীবিত অপর আসামি ইদ্রিস আলী সরদার (৭০) পলাতক রয়েছেন।