শরীয়তপুরে অনুমোদনহীন ১৬৪ করাতকল চলছে
শরীয়তপুরের বিভিন্ন স্থানে অনুমোদনহীন ১৬৪টি করাতকল চালানো হচ্ছে। নীতিমালা ভেঙে বিদ্যালয়ের পাশে ও শহরের মধ্যে করাতকল স্থাপন করা হয়েছে। এ ছাড়া করাতকলের কাঠ কেনাবেচার হিসাব বন বিভাগে দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না।
জেলা বন বিভাগ সূত্র জানায়, জেলায় ১৯১টি করাতকল রয়েছে, যার মধ্যে ২৭টি করাতকলের অনুমোদন (লাইসেন্স) আছে। বাকি ১৬৪টি করাতকল অনুমোদন ছাড়াই চালানো হচ্ছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী শহরের মধ্যে, ব্যস্ততম এলাকায়, বিদ্যালয়ের পাশে করাতকল স্থাপন করা যাবে না। কিন্তু এ নীতিমালা মানা হচ্ছে না।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত করাতকল চালানোর নিয়ম থাকলেও গভীর রাত পর্যন্ত করাতকলগুলো চালানো হচ্ছে। প্রতিটি করাতকলের কাঠ কেনাবেচার হিসাব মাস শেষে বন বিভাগে জমা দেওয়ার কথা। কিন্তু শরীয়তপুরে বন বিভাগের কার্যালয়ে কোনো করাতকল কর্তৃপক্ষ এ হিসাব জমা দেয় না।
জেলা শহরে সাতটি করাতকল রয়েছে। করাতকলগুলোর মালিক হলেন দেলোয়ার শেখ, জলিল মীর, সামাদ খান, সুনিল সূত্রধর, মোকসেদ ব্যাপারী, বজলু মোল্লা ও আমীর হোসেন খান।
শহরের মধ্যে কীভাবে করাতকল স্থাপন করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
ডামুড্যা উপজেলার কেহরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের পাশে দুটি করাতকল স্থাপন করা হয়েছে। স্থানীয় গিয়াস উদ্দিন মিয়া করাতকল দুটির মালিক। তিনি বলেন, ‘১০-১২ বছর ধরে এখানে করাতকল দিয়ে ব্যবসা করছি।
বিদ্যালয়ের কোনো ক্ষতি আমার করাতকল থেকে হয় না। লাইসেন্সের জন্য আবেদন করেছি।’ এ ছাড়া ডামুড্যা পৌর শহরে আটটি করাতকল রয়েছে। এর মধ্যে দুটি করাতকলের মালিক পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম। তাঁর করাতকল দুটিও অনুমোদনহীন।
রেজাউল করিম বলেন, ‘ব্যস্ততম এলাকা থেকে করাতকল সরিয়ে নেওয়ার জন্য কেউ কখনো বলেননি। লাইসেন্স করার জন্য আবেদন করা হয়েছে, এখনো হাতে পাইনি।’
শরীয়তপুর জেলা বন কর্মকর্তা সুধীর কুমার রায় দেবসিংহ বলেন, যেসব করাতকলের লাইসেন্স নেই সেগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তারা তিন মাসের মধ্যে লাইসেন্স না করলে করাতকল বন্ধ করে দেওয়া হবে। শহরের মধ্যে করাতকলগুলো অনেক আগে স্থাপন করা হয়েছে। তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।