শরীয়তপুরে অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ভাঙচুর
শরীয়তপুর শহরের চৌরঙ্গি মোড়ের হাজী শরীয়তউল্লাহ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গতকাল শনিবার অবহেলায় নুরজাহান বেগম (৩০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন।
নুরজাহানের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার বেড়া চিকন্দি গ্রামের তাহের কোটোয়ারির স্ত্রী নুরজাহান বেগমের প্রসব বেদনা উঠলে গত শুক্রবার তাঁকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বেলা দুইটার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আম্বিয়া আলম ওই প্রসূতির অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি ছেলে সন্তান হয়। তবে রাত থেকে নুরজাহানের অবস্থার অবনতি হতে শুরু করে। কিন্তু ওই সময় ক্লিনিকে কোনো চিকিৎসক না থাকায় প্রসূতিকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয়নি। গতকাল শনিবার তাঁর অবস্থার আরও অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতির স্বজনদের বলে, নুরজাহানকে জরুরি ভিত্তিতে রক্ত দিতে হবে। তখন ওই প্রসূতির ভাই ওয়াদুদ কাজী ও কাদের কাজী রক্ত দেওয়ার জন্য হাসপাতালে ছুটে আসেন। এক ব্যাগ রক্ত দেওয়া শেষ হলে বেলা দুইটার দিকে ওই প্রসূতি মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হাসপাতালের আসবাব ভাঙচুর করেন। পুলিশ এসে হাসপাতালের দরজায় তালা লাগিয়ে দেয়।
ওয়াদুদ কাজী বলেন, ‘আমরা জানতাম না, এ হাসপাতালে স্থায়ীভাবে কোনো চিকিৎসক থাকেন না। অস্ত্রোপচারের পর চিকিৎসক চলে যান, রোগীর অবস্থা খারাপ হলে আমরা চিকিৎসককে খবর দিতে বলি। কিন্তু সেবিকারা বলেন, আবার কোনো রোগীর অস্ত্রোপচার হলে তখন চিকিৎসক আসবেন। তাঁরা আমার বোনের শরীরে রক্ত দেওয়ার কথা বলেন। রক্ত দেওয়া অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
এ বিষয়ে ওই ক্লিনিক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মুঠোফোনে চিকিৎসক আম্বিয়া আলমের সঙ্গে গতকাল বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ১০ বার যোগাযোগ করা হয়। তিনি ফোন ধরেননি।
এ ব্যাপারে শরীয়তপুর জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন নির্মল চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘প্রসূতির মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি ঢাকায় অবস্থানরত সিভিল সার্জনকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’