শরীয়তপুরে অবাধে জাটকা শিকার ও বিক্রি
মৎস্য সংরক্ষণ আইন না মেনে শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে অবাধে চলছে জাটকা শিকার। নদীর তীরেই কমপক্ষে ২০টি স্থানে জাটকা বিক্রি করা হচ্ছে।
শরীয়তপুর জেলা মৎস্য কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলা পদ্মা ও মেঘনার তীরে অবস্থিত। এ জেলার প্রায় ৫০ হাজার লোক জীবিকা নির্বাহ করেন মাছ ধরে। মৎস্য বিভাগ ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের নিচে (১০ ইঞ্চি) ইলিশ (জাটকা) ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ সময়ে জাটকা শিকার, বহন ও বিক্রিতে জড়িত থাকলে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অনাদায়ে পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। এ আইন না মেনে জেলেরা নদীতে অবাধে জাটকা শিকার করছেন। এসব জাটকা জেলার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার নদীর তীরবর্তী ২০টি স্থানে সন্ধ্যায় ও ভোরে বিক্রি করা হচ্ছে। মাছের পাইকারি ব্যবসায়ীরা নছিমন ও পিকআপ ভ্যানে করে সেসব জাটকা বিক্রির জন্য বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। প্রতি কেজি জাটকা ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
জাটকা শিকার বন্ধ রাখতে সরকার মৎস্যজীবীদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ১৫০ জন জেলেকে জাল দেওয়া হয়েছে। মার্চ থেকে জুন পর্যন্ত প্রতিটি জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়ার কথাও রয়েছে। এ জন্য জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে ১৬ হাজার ২২৬ জনের নামের তালিকা অনুমোদনের জন্য ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর গ্রামের জেলে জিন্নাত দেওয়ান বলেন, মাছ শিকার করে যা আয় হয়, তা দিয়েই সংসার চলে। এলাকায় অন্য কোনো কাজ না পাওয়ায় বাধ্য হয়েই লুকিয়ে মাছ ধরতে হয়।
ভেদরগঞ্জ উপজেলার তারাবনিয়া মাল কান্দি গ্রামের মজিদ মাল জানান, আড়তদারদের কাছ থেকে দাদন নিয়ে নৌকা ও জাল কিনতে হয়েছে। ধার-দেনার চাপ ও সংসার চালাতে জাটকা শিকার করতে হচ্ছে।
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, চার মাসের জন্য জেলেদের পুনর্বাসন করতে চাল দেওয়া হবে। জাটকা শিকার ও বিক্রি বন্ধের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন জেলেকে সাজাও দেওয়া হয়েছে।