শরীয়তপুর সদর উপজেলার সুজন দোয়াল গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে সহকারী পুলিশ সুপারসহ ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া দুই পক্ষের আরও ২৮ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৯৫টি ফাঁকা গুলি ছোড়ে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হাওলাদার ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ওরফে পাহাড় প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আলমগীর হাওলাদার জয়ী হন।
সুজন দোয়াল গ্রামের খলিল মাদবর আলমগীর হাওলাদারের এবং রমিজ খান সিদ্দিকুরের পক্ষে নির্বাচনে কার্যক্রম পরিচালনা করেন। গতকাল সকালে খলিল তাঁর লোকজন নিয়ে রমিজের বাড়িতে আক্রমণের চেষ্টা করেন। একপর্যায়ে দুই পক্ষের সংষর্ঘ শুরু হয়। এতে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের দুই হাজারের মতো লোক সংঘর্ষে লিপ্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৯৫টি ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাসের ছয়টি শেল নিক্ষেপ করে। র্যাব, পুলিশ ও বিজিবি দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে সহকারী পুলিশ সুপার তানভির হায়দার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ পুলিশের ১২ জন আহত হন। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। দুই পক্ষের ২৮ জন অাহত হন। খলিলের সমর্থকেরা রমিজের সমর্থকদের পাঁচটি ঘর ভাঙচুর করেন।
রমিজ খান বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচন করেছি। এ জন্য বিদ্রোহী প্রার্থীর সমর্থক খলিল মাদবর আমার বাড়িতে হামলা করার চেষ্টা করেছিল। আমরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছি।’
খলিল মাদবর বলেন, ‘রমিজ খানের সমর্থকেরা আমার বাড়িতে আক্রমণ করবে এমন সংবাদ পেয়ে আমার সমর্থকেরা এলাকা পাহারা দিতে এসেছিল। আমরা কারও বাড়িতে হামলা করতে লোক জড়ো করিনি।’
ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।