শরীয়তপুরে ক্লিনিকে চিকিৎসা না পেয়ে অন্তঃসত্ত্বার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর শহরের মেট্রো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অন্তঃসত্ত্বা এক নারীকে আটকে রেখে চিকিৎসা না দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত আটটার দিকে ওই নারীর মৃত্যু হয়। মরদেহ অস্ত্রোপচারকক্ষে রেখে ক্লিনিকের লোকজন পালিয়ে গেছেন। পরে ওই নারীর স্বজনেরা ক্লিনিকের সামনে বিক্ষোভ করেন। এ সময় আতঙ্কে অন্য রোগীরা ক্লিনিক ছেড়ে চলে যায়।
নিহত নারীর নাম লাবণ্য আক্তার (২৪)। তাঁর বাড়ি নড়িয়া উপজেলার মশুরা গ্রামে। তাঁর স্বামীর নাম জলিল মাতবর। তিনি ইতালিতে থাকেন।
পরিবার সূত্র জানায়, প্রসব বেদনা ওঠায় গত বৃহস্পতিবার লাবণ্যকে মেট্রো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। ওই ক্লিনিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা শাহিনুর নাজিয়া অস্ত্রোপচার করে থাকেন। তিনি না থাকায় গত দুই দিনে ওই নারীর অস্ত্রোপচার হয়নি। ক্লিনিক কর্তৃপক্ষ তাঁকে অন্য হাসপাতালে যেতে দেয়নি। শনিবার সন্ধ্যায় শাহিনুর নাজিয়া ওই ক্লিনিকে অন্য এক নারীর অস্ত্রোপচার করেন। এরপর লাবণ্যকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। কিছুক্ষণ পর স্বজনেরা জানতে পারেন যে লাবণ্যর মৃত্যু হয়েছে। তখন ক্লিনিক কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্স পালিয়ে যান। পরে লাবণ্যর স্বজনেরা ক্লিনিকের সামনে বিক্ষোভ করেন।
গতকাল রাত নয়টার দিকে ওই ক্লিনিকে গিয়ে দেখা যায়, লাবণ্য আক্তারের মরদেহ অপারেশন টেবিলের ওপর পড়ে রয়েছে। পাশে স্বজনেরা আহাজারি করছেন। ক্লিনিকে থাকা অন্য রোগীরা চলে যাচ্ছেন।
লাবণ্যর মা লায়লা বেগম বলেন, ‘ক্লিনিক কর্তৃপক্ষ বলেছিল দেরিতে অস্ত্রোপচার করলে কোনো সমস্যা হবে না। আমরা রোগীকে অন্যত্র নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু কর্তৃপক্ষ নিতে দেয়নি। অপারেশন থিয়েটারে নেওয়ার পর জানতে পারি, আমার মেয়ে মারা গেছে। কর্তৃপক্ষ আমাদের অপারেশন থিয়েটারে ঢুকতে বাধা দেয়। জোর করে সেখানে ঢুকলে তারা পালিয়ে যায়।’
শরীয়তপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন নির্মল চন্দ্র দাস বলেন, ‘ঘটনাটি শুনেছি। আগামীকাল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’