শরীয়তপুরে গ্রাহকের টাকা নিয়ে চার সমবায় সমিতি উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে গত এক বছরে চারটি সমবায় সমিতি গ্রাহকদের আমানত নিয়ে পালিয়েছে। সমিতিগুলোর কাছে গ্রাহকের কোটি টাকা পাওনা আছে বলে জানা গেছে। প্রতারণার শিকার গ্রাহকেরা সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন।
শরীয়তপুর জেলা সমবায় কার্যালয় সূত্র জানায়, জেলায় ৭২২টি সমবায় সমিতির নিবন্ধন রয়েছে। এর মধ্যে ৪১০টি সমিতি কার্যক্রম পরিচালনা করে। এগুলোর মধ্যে তিন শতাধিক সমিতি ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। সমিতিগুলো অধিক মুনাফার কথা বলে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে। মুনাফা বাবদ এক লাখ টাকায় গ্রাহককে প্রতি মাসে দুই হাজার থেকে দুই হাজার ৫০০ টাকা দেয়। এদের মধ্যে ফিউচার কো-অপারেটিভ সোসাইটি, ম্যাক্সিম কো-অপারেটিভ সোসাইটি, ম্যাক্সিমাম কো-অপারেটিভ সোসাইটি ও ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি নামের সমিতি আছে। ফিউচার ২০০৭ সালে, ম্যাক্সিম ২০১০ সালে, ইউনাইটেড ২০১০ সালে ও ম্যাক্সিমাম ২০১১ সালে স্থানীয় সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নেয়। নিবন্ধন নিয়েই তারা ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করে।
গ্রাহকেরা জানান, গত এক বছরে এই চারটি সমিতি গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়েছে। এ জন্য তাঁরা সমিতিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন। এঁদের মধ্যে ফিউচার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক রফিক খান কিছুদিন কারাগারে ছিলেন। জামিনে বের হয়ে তিনি পালিয়ে যান। অন্য সমিতিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকেরা পলাতক আছেন। ম্যাক্সিমের বিরুদ্ধে দুটি, ইউনাইটেডের বিরুদ্ধে পাঁচটি ও ফিউচারের বিরুদ্ধে নয়টি মামলা হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া গ্রামের রিজিয়া বেগম বলেন, ‘প্রতি এক লাখ টাকায় দুই হাজার ২০০ টাকা মুনাফা দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ফিউচারের লোকেরা চার লাখ টাকা নিয়েছে। তিন মাস মুনাফার টাকা পেয়েছি। এর পরেই তারা কার্যালয়ে তালা দেয়।’ শরীয়তপুর পৌরসভার নিরাল এলাকার হারুন-অর-রশিদ বলেন, ‘চাকরি থেকে অবসর নেওয়ার পরে মুনাফা পাওয়ার আশায় ফিউচার কো-অপারেটিভ সোসাইটিতে ১১ লাখ টাকার আমানত করেছিলাম। তাঁরা পালিয়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে পড়েছি।’
সদর উপজেলার কাগদি গ্রামের সুরাইয়া বেগম জানান, গত জানুয়ারি মাসে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটির সভাপতি এ বি এম মামুনকে ২২ লাখ টাকা দেন তিনি। প্রতি মাসে ৪৪ হাজার টাকা দেওয়ার কথা। কিন্তু সে টাকা ফেরত না দিয়ে পূবালী ব্যাংক শরীয়তপুর শাখার তিনটি চেক দেন তিনি। পরে টাকা উত্তোলন করতে গিয়ে দেখেন ব্যাংকে টাকা নেই।
শরীয়তপুর জেলা সমবায় কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, অভিযুক্ত সমিতিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ যাতে গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে যেতে না পারে, সে জন্য স্থানীয় উপজেলা কার্যালয়গুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।