শরীয়তপুর পৌরসভার রাজগঞ্জ হেলিপ্যাড এলাকায় গতকাল শুক্রবার জহিরুল ইসলাম সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জহিরুলের শহরের চৌরঙ্গী মোড়ে একটি চায়ের দোকান ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। একই দিন সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শরীয়তপুর সদর থানা সূত্রে জানা গেছে, পৌরসভার স্বর্ণঘোষ গ্রামের জহিরুল ইসলামের সঙ্গে একই গ্রামের মোসলেম খান ও সেলিম খানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে জহিরুল শহরের চৌরঙ্গী মোড়ে তাঁর চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। দুপুর ১২টার দিকে জহিরুল বাড়ির কাছে রাজগঞ্জ হেলিপ্যাড এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ধরে সড়কের পাশের এক কৃষিজমিতে নিয়ে যায়। সেখানে তারা তাঁকে পিটিয়ে হত্যা করে।
জহিরুলের স্ত্রী শাহনাজ বেগম বলেন, ‘মোসলেম ও সেলিম খান সন্ত্রাসীদের নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। তাদের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ চলছিল। আমাদের জমি দখল করার জন্য তারা জহিরুলকে পিটিয়ে হত্যা করেছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জহিরুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে মোসলেম ও সেলিম খানসহ ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও আশাশুনি থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুধহাটা বাজারসংলগ্ন বেতনা নদীর ঘাটে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।
থানার উপপরিদর্শক (এসআই) মনোজিত কুমার নন্দী প্রথম আলোকে জানান, ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।