শরীয়তপুরে ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক শরীয়তপুরের নড়িয়া উপজেলা সদর শাখার ২০ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল রোববার নড়িয়া শাখার দুজন কর্মী জাজিরা উপজেলার কাজীরহাট বাজার শাখা থেকে টাকা নিয়ে আসার পথে দুর্বৃত্তরা ওই টাকা ছিনিয়ে নেয়।
জাজিরা থানা ও ন্যাশনাল ব্যাংক সূত্র জানায়, গতকাল দুপুরে ন্যাশনাল ব্যাংক নড়িয়া শাখার জুনিয়র ক্যাশ কর্মকর্তা চান শরীফ খান ও পিয়ন উজ্জ্বল মুন্সী কাজীরহাট বাজার শাখা থেকে ২০ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে নড়িয়ার উদ্দেশে রওনা দেন। পথে জাজিরার বিলাশপুর এলাকায় দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস নিয়ে তাঁদের গতিরোধ করে। এরপর পুলিশ পরিচয় দিয়ে ওই দুজনকে মাইক্রোবাসে তুলে তাঁদের চোখ, হাত-পা ও মুখ বেঁধে ফেলা হয়। পরে ওই দুই কর্মীকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকায় শরীয়তপুর-মাদারীপুর সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় টাকা আনা-নেওয়া করতে হলে পুলিশকে জানাতে হয়। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।