শরীয়তপুরে মাদ্রাসাশিক্ষিকা খুন, স্বামী গ্রেপ্তার
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কামাড্যা গ্রামে নিজ বাড়ির মুরগির খামারের ভেতর থেকে গতকাল বুধবার সকালে ঝরনা (৩০) নামের এক মাদ্রাসাশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী সেকান্দার শেখকে গ্রেপ্তার করা হয়েছে। যৌতুকের টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেকান্দার শেখ শ্বাসরোধে স্ত্রীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
গোসাইরহাট থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা হাওলাদার বাজার দাখিল মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষিকা ছিলেন ঝরনা বেগম। ব্যবসার জন্য স্বামীকে বিভিন্ন এনজিও থেকে প্রায় চার লাখ টাকা ঋণ করে এনে দেন ঝরনা। ঋণের টাকায় সেকান্দার বিভিন্ন সময় জুয়া খেলে টাকাগুলো হেরে যান। জুয়া খেলায় হেরে গেলে প্রায়ই সেকান্দার ঝরনা বেগমকে মারধর করতেন।
জুয়া খেলার জন্য বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলতেন সেকান্দার। সম্প্রতি সেকান্দার জুয়া খেলায় হেরে গিয়ে ঝরনাকে বাবার বাড়ি থেকে আরও ৩০ হাজার টাকা এনে দিতে বলেন।
এতে রাজি না হওয়ায় তিনি গত সোমবারও ঝরনাকে মারধর করেন। গতকাল সকালে বাড়ির মুরগির খামারের ভেতরে ওড়না দিয়ে মুখ বাঁধা অবস্থায় ঝরনার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ঝরনার মা জাকিয়া বেগম বাদী হয়ে সেকান্দার শেখকে আসামি করে গোসাইরহাট থানায় মামলা করেছেন।
ঝরনা বেগমের ছোট ভাই রাশেদ মিয়া বলেন, ‘যৌতুকের জন্য সেকান্দার বিভিন্ন সময় আমার বোনকে মারধর করত। কয়েক দিন আগে আমাদের কাছে ৩০ হাজার টাকা যৌতুক দাবি করে। আমরা টাকা দিতে রাজি না হওয়ায় আমার বোনকে হত্যা করেছে।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জল হোসেন বলেন, সেকান্দার তাঁদের বলেছেন দাবি করা টাকা না দেওয়ায় বুধবার ভোররাতে তিনি ঝরনা বেগমকে মারধর করেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ মুরগির খামারে ফেলে রাখা হয়। সেকান্দারকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।