আবারও ভয়ংকর প্রতিবাদ জানিয়েছে গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের সদস্যরা। খাবার না দেওয়া ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রের পাঁচ কিশোর গতকাল সোমবার নিজেদের শরীর কেটে ক্ষতবিক্ষত করেছে। সেলাই দিতে হয়েছে তাদের সবাইকে।
আহত কিশোরেরা হলো নাইম মিয়া (১৪), ইকবাল হোসেন (১৬), পঙ্কজ দেবনাথ (১৫), ফারুক হোসেন (১৬) ও মো. আসাদ (১৭)। টঙ্গী সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরী জানান, গতকাল বেলা সোয়া একটার দিকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের মেডিকেল কম্পাউন্ডার হেলাল উদ্দিন তিন কিশোরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে নাইমের হাতের প্রায় দুই ইঞ্চি এবং ইকবাল ও পঙ্কজের হাতের প্রায় ছয় ইঞ্চি পরিমাণ কাটা ছিল। বেলা তিনটার দিকে আরও দুই কিশোরকে জখম অবস্থায় আনা হয়। তাদের হাতেরও চার-পাঁচ ইঞ্চি কাটা ছিল। কিশোরদের সবাই ব্লেড জাতীয় ধারালো অস্ত্র দিয়ে নিজেদের শরীর কেটেছে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মী বলেন, আহত কিশোরেরা জানিয়েছে, কেন্দ্রে সব সময় তাদের বকঝকা করা হয়। চালানো হয় নির্যাতন। এমনকি ঠিকমতো খাবারও দেওয়া হয় না। এসব কারণে তারা এ ঘটনা ঘটিয়েছে।
তবে নির্যাতনের এই অভিযোগ অস্বীকার করে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম বলেছেন, হতাশা থেকেই তারা এ কাণ্ড ঘটিয়েছে। কিশোরদের কখনোই নির্যাতন করা হয় না। তাদের খাবারও ঠিকমতো দেওয়া হয়। কেন্দ্রের স্কুলের শ্রেণিকক্ষে ওই নিবাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এর আগেও একাধিকবার টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে কিশোরদের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গত ১১ ফেব্রুয়ারি টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের ২০ কিশোর নির্যাতন ও খাবার না দেওয়ার প্রতিবাদে তাদের শরীর কেটে ক্ষতবিক্ষত করে। এরপর ৫ মে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রেও একই ঘটনা ঘটে। সেখানে ১৫ সদস্য ব্লেডজাতীয় অস্ত্রে নিজেদের ক্ষতবিক্ষত করে নির্যাতনের প্রতিবাদ জানায়।