শরীরচর্চা না করায় পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার এএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল মঙ্গলবার ছাত্রছাত্রীদের পেটানোর পর এক ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে পাঁচ ছাত্রীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা জানায়, গতকাল সকালে তারাসহ বিভিন্ন ক্লাসের ২৫-৩০ জন শিক্ষার্থী সকালে শরীরচর্চায় অংশ নেয়নি। এ জন্য প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী তাদের বেদম পিটুনি দিয়ে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখেন। এতে সবাই অসুস্থ হয়ে পড়ে।
শিক্ষার্থীদের অভিভাবক আবদুল মালেক আকন ও জাকির হোসেন বলেন, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে না নিয়ে প্রধান শিক্ষক বিষয়টি জানাজানির ভয়ে কমনরুমে আটকে রাখেন। খবর পেয়ে তাঁরা সন্তানদের বেলা আড়াইটায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের শুধু মারধরই করেননি; তাদের হাসপাতালে যেতেও বাধা দেন।
প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী বলেন, ‘যারা স্কুলড্রেস পরেনি বা অ্যাসেম্বলিতে (শরীরচর্চা) আসেনি, তাদের আলাদা করে সতর্ক করা হয়েছে। কিন্তু বেত্রাঘাত ও রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ সঠিক নয়। তবে বাইরের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।’
এদিকে জেলার আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ছয় শিক্ষার্থী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সহপাঠীরা জানায়, বেলা ১১টার দিকে ক্লাস চলাকালে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইতি হালদার অচেতন হয়ে পড়ে। পরে একই ক্লাসের আরও চারজন এবং দশম শ্রেণির একজন ক্লাসে অচেতন হয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ হাওলাদার প্রথম আলোকে বলেন, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চেতনা ফিরে না আসায় ষষ্ঠ শ্রেণির ইতি হালদার, শম্পা ব্যাপারী, আশীষ রায়, অনন্যা হালদার ও আল্পনা বিশ্বাস এবং দশম শ্রেণির ছাত্র সৌরভ হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরের দিকে সবার জ্ঞান ফিরে আসে।