শরীরে আগুন ধরিয়ে দেওয়া সেই হাসান আলী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হাসান আলী চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটায় তিনি মারা যান। গতকাল বুধবার জয়পুরহাট সদর থানার ওসি এ খবর নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার সদর উপজেলার ভাদসা বাজারে হাসানের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে তিনি মারাত্মক দগ্ধ হন।
পুলিশ ও হাসান আলীর পরিবার জানিয়েছে, নওগাঁর বদলগাছি উপজেলার দেব্রাইল গ্রামের হাসান আলী (৪০) প্রায় ১০ বছর আগে সুখী বেগমকে বিয়ে করেন। কিছুদিন আগে সুখী বেগম স্বেচ্ছায় হাসানকে তালাক দিয়ে সিএনজিচালক উজ্জ্বল হোসেনকে বিয়ে করেন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে উজ্জ্বলকে বেসরকারি একটি সংস্থা থেকে ৪০ হাজার টাকা ঋণ তুলে দেন হাসান। টাকা পরিশোধ এবং সুখী বেগম আবার ঘরসংসার করবেন এমন প্রলোভন দেখিয়ে গত বৃহস্পতিবার ভাদসা বাজারে হাসানকে ডেকে পাঠান উজ্জ্বল। পরে নবনির্মিত একটি দোতলা বাড়ির ছাদে নিয়ে হাসানকে মারধর করে তাঁর শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় লোকজন হাসানকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তিনি মারা যান।