শরীরে এখনো স্প্লিন্টার ও যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকালবেলা সবাই যায় অফিসে আর আমি ছুটি হাসপাতালে। প্রতিদিন ফিজিওথেরাপি নিতে হয়।’ বলছিলেন পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আবদুল আহাদ। প্রায় একই অবস্থা বিশেষায়িত ইউনিট সোয়াটের উপপরিদর্শক (এসআই) সুজন কুমার কুণ্ডুর এবং বর্তমানে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদের।
গত বছরের ১ জুলাই হোলি আর্টিজানে জিম্মি উদ্ধার অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের ছোড়া বোমার স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন আরও ৩০ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং একজন আনসার সদস্য। আহত কর্মকর্তাদের প্রায় সবাই এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। দীর্ঘ চিকিৎসা নিতে হচ্ছে তাঁদের। এই হামলাতেই নিহত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ খান।
গতকাল শুক্রবার কথা হয় আবদুল আহাদের সঙ্গে। তাঁর শরীরে ১০টি স্প্লিন্টার লেগেছিল, যার সবগুলোই এখনো ভেতরে রয়ে গেছে। তিনি বলেন, আহত হওয়ার পরে প্রায় এক মাস হাসপাতালে ছিলেন তিনি। একটু সুস্থ হয়ে কাজে যোগ দেন। এরপর গত বছরের অক্টোবরে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন সিঙ্গাপুরে। কিন্তু সেখান থেকে বলা হয়, ওই স্প্লিন্টারগুলো অস্ত্রোপচার করে বের করার সময় এখনো আসেনি। এ বছর অক্টোবরে আবারও যেতে বলা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, স্প্লিন্টারের আঘাতে তাঁর স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে এখন যন্ত্রণা হয় সব সময়। ঠিকমতো ঘুম হয় না। সে জন্যও ওষুধ নিতে হয়।
শরীরে ৫০টির বেশি স্প্লিন্টার লেগেছিল বিশেষায়িত ইউনিট সোয়াটের উপপরিদর্শক (এসআই) সুজন কুমার কুণ্ডুর শরীরে। চার দফা অস্ত্রোপচারের পরে ৩০টির মতো স্প্লিন্টার অপসারণ করেছেন চিকিৎসকেরা। এখনো ২০টি স্প্লিন্টারের যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছে সুজনকে।
সুজন বলেন, হোলি আর্টিজানে অভিযানে যাওয়ার সময় জঙ্গিদের হামলায় তিনি হাত, মাথা ও পেটে স্প্লিন্টার বিদ্ধ হন। বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট থাকার পরও শরীরের অনাবৃত অংশে এই স্প্লিন্টারগুলো লাগে। আহত হওয়ার পরে চার মাস হাসপাতালে ছিলেন। চার দফা অস্ত্রোপচার হয়েছে। বাকি স্প্লিন্টারগুলো বের করতে অস্ত্রোপচারের জন্য শরীর এখন পর্যাপ্ত সবল নয়। চিকিৎসক বলেছেন, আগে শরীর সবল হোক, তারপর অস্ত্রোপচার।
স্প্লিন্টারগুলো সব সময় সুজনকে যন্ত্রণা দিচ্ছে। ডান হাতের তিনটি আঙুল সব সময় ব্যথা করে। সপ্তাহে দুদিন করে ফিজিওথেরাপি নিতে হয়, ব্যায়াম করতে হয়। এ জন্য তিনি ঠিকমতো কাজ করতে পারেন না। তবে তাঁর ঊর্ধ্বতন ও সহকর্মীরা সব সময় সহযোগিতা করে যাচ্ছেন।
হোলি আর্টিজানে হামলার সময় র্যাব-১-এর অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ। এখন তিনি র্যাব-৩-এর অধিনায়ক। অভিযানে গিয়ে স্প্লিন্টারের আঘাতে আহত হন তিনিও। টানা ১৬ দিন ছিলেন হাসপাতালে। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, শরীরে আঘাতের কিছু যন্ত্রণা এখনো রয়ে গেছে। নিয়মিত ফিজিওথেরাপি নিতে হচ্ছে তাঁকে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্যায়াম করতে হচ্ছে। শরীরে যন্ত্রণা নিয়েই স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন লে. কর্নেল মাসুদ।