শরীরের জন্য ক্ষতিকর রঙে রঙিন ইফতারি!

আকর্ষণীয় করার জন্য বেগুনি, চপ ও জিলাপি ভাজা হচ্ছে একধরনের রং মিশিয়ে। ব্যবসায়ীরা দোকান থেকে কমলা রং নামে এগুলো কিনে আনছেন। প্রায় প্রকাশ্যে ফুটপাতসহ বিভিন্ন খাবারের দোকানে ময়দার সঙ্গে এই রং মিশিয়ে ইফতারি তৈরি করছেন তাঁরা। বিকেল থেকে মানুষ ফুটপাত ও অভিজাত দোকানগুলোতে ভিড় করে কিনছেন এসব ইফতারি। অথচ চিকিৎসকেরা বলছেন, এ রং মানবদেহের জন্য ক্ষতিকর। এগুলো ক্যানসারের উপাদান।
রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে বড় মসজিদের পাশে একটি দোকানে গতকাল সোমবার দুপুরে প্রকাশ্যে একটি ফুটপাতের দোকানে ইফতারি তৈরির ময়দার সঙ্গে এ ধরনের রং মেশাতে দেখা যায়। দূর থেকে দেখে ও জুম করে ছবি তোলার পর কাছে এসে রং মেশানোর প্রসঙ্গ তুললে দোকানের লোকজন পুরোপুরি অস্বীকার করেন। তাঁরা বললেন, আলগা রং মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই তাঁরা ইফতারি তৈরিতে কোনো রং মেশান না। রং মেশানোর ছবি তোলা হয়েছে বলে জানানো হলেও দোকানের একজন কর্মচারী বলেন, তাঁরা সাধারণ মসলা মেশাচ্ছিলেন। কোনো রং ব্যবহার করেননি।
সাংবাদিক পরিচয় না দিয়ে পাশের আরেকটি দোকানের একজন ব্যবসায়ীর সঙ্গে আলাপ করলে তিনি বলেন, অন্য সবাই ইফতারিতে কমলা রং মেশায়। তবে তিনি মেশান না। এ রং ব্যবহার করলে বেগুনি, চপ দেখতে অত্যন্ত আকর্ষণীয় হয়। রং না দিয়ে শুধু বেসন দিয়ে তৈরি করলে এসব খাবার ততটা মনোলোভা দেখায় না। তখন ক্রেতারা কিনতে আগ্রহ দেখায় না। কমলা রং কোথায় পাওয়া যায় জানতে চাইলে তিনি বলেন, মুদির দোকানে গিয়ে কমলা রং চাইলেই দিয়ে দেবে।
পরীক্ষা করার জন্য নগরের সাহেব বাজারের একটি মুদি দোকানে গিয়ে কমলা রং চাইতেই দোকানি বললেন, দোকান কোথায়? দোকানের একটি ঠিকানা বললে তিনি বলেন, রং আছে। তবে না কিনলে বের করবেন না। পরীক্ষা করার জন্য ২০ টাকার রং চাইলে তিনি রঙের একটি বয়াম বের করলেন। সেখান থেকে কাগজে মুড়িয়ে খানিকটা রং দিলেন। দেখা গেল একই রকম রং ইফতারিতে ওই দোকানে ব্যবহার করা হচ্ছিল।
বাজার থেকে এই ইফতারি কিনে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী সোহাগ রানা। তিনি বলেন, বাড়িতে বানানো বেগুনি কিছুতেই এ রকম সুন্দরও হয় না। মচমচেও হয় না। খেতেও ভালো লাগে না। তাই বাজার থেকেই প্রতিদিন বেগুনি কেনেন তিনি। কিন্তু ক্ষতিকর রং মিশিয়ে এসব বেগুনি যে বানানো হয় তা তিনি জানেন কি না, জানতে চাইলে সোহাগ রানা বলেন, এ রকম কথা প্রায়ই শোনেন। কিন্তু দেখেননি। এ জন্য বিশ্বাস করে কিনে নিয়ে যাচ্ছেন। এটা খাবার জিনিস। খারাপ কিছু মেশালে দোকানদারই আখেরে দায়ী হবেন বলে মন্তব্য করেন তিনি।
রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসক জোহা এম এম হোসেন বলেন, খাদ্য রং ছাড়া যেকোনো রংই মানবদেহের জন্য ক্ষতিকর। তিনি বলেন, খাদ্য রং সাধারণত ব্যয়বহুল। ফুটপাতের একজন ব্যবসায়ীর পক্ষে খাদ্য রং ব্যবহার করে ব্যবসায় লাভ করা সম্ভব নয়। তাঁরা খাবারে যে রং মেশান, তা অবশ্যই কাপড়ে ব্যবহার করার রং বলে মত প্রকাশ করেন চিকিৎসক। তিনি বলেন, এ রং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো ক্যানসারের উপাদান।