শরীয়তপুর ও বাউফলে তিনজনকে কুপিয়ে জখম
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। অপরদিকে, পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-ছোট ডালিমা সেতু এলাকায় দুই তরুণকে কুপিয়ে জখম করা হয়েছে।
ভেদরগঞ্জের দুলারচর ছয়ানি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলিউল্লাহ দেওয়ান (৩২) হামলার শিকার হন।
সখীপুর থানা-পুলিশ জানায়, কাঁচিকাটা ইউনিয়নে পদ্মার দুর্গম চরের চরজিংকিং গ্রামে এ বিদ্যালয় অবস্থিত।
অলিউল্লাহ বিদ্যালয়ের পাশের এক বাড়িতে থাকেন। তবে তাঁর বাড়ি একই উপজেলার উত্তর তারবনিয়া গ্রামে। অলিউল্লাহকে পাঠদানের পাশাপাশি দাপ্তরিক কাজও করতে হয়। এ কারণে বিদ্যালয়ে ঈদের ছুটি চললেও দাপ্তরিক কাজের জন্য তিনি সেখানে ছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অলিউল্লাহ বলেন, শুক্রবার ভোর চারটার দিকে চরজিংকিং গ্রামের জেদ্দাল মোল্যা ও তাঁর ছেলে রাজু ৫-৬ জন লোক নিয়ে দরজা ভেঙে তাঁর ঘরে ঢোকেন। তাঁরা তাঁকে ঘরের মেঝেতে ফেলে মাথায় আঘাত করে ও রড দিয়ে মারধর করেন। গত বছর স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান নিয়ে তাঁদের সঙ্গে তাঁর বিরোধ হয়েছিল।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নাহিদুজ্জামান রিমন বলেন, ওই শিক্ষকের মাথার দুই দিকে দুটি বড় আঘাত রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জেদ্দাল মোল্যা কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। মুঠোফোনে চেষ্টা করেও জেদ্দাল মোল্যা ও তাঁর ছেলে রাজু মোল্যাকে পাওয়া যায়নি।
উপজেলার সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, শিক্ষকের পক্ষ থেকে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চালাচ্ছে।
এদিকে পটুয়াখালীর বাউফলে আহত ব্যক্তিরা হলেন মনির হোসেন (২৭) ও মোশারেফ (২২)।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট ডালিমা গ্রামের মো. ফিরোজ মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বড়ি বিক্রি করে আসছেন। গতকাল বিকেলে নাজিরপুর-ছোট ডালিমা সেতু এলাকায় ফিরোজ তাঁর সহযোগীদের নিয়ে মাদক সেবন করছিলেন।
এ সময় মনির ও মোশারেফ বাধা দেওয়ায় তাঁরা মনির ও মোশারেফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে ফিরোজ ও তাঁর সঙ্গীরা পালিয়ে যান।
আহত দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।