বিদ্যালয়ের জমি বিক্রির অর্থ আত্মসাৎ ও রাজস্ব ফাঁকির অভিযোগে শরীয়তপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সীসহ ১৪ ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মলয় কুমার সাহা গত বৃহস্পতিবার শরীয়তপুর সদর থানায় মামলা দুটি করেন।
মামলার এজাহার পর্যালোচনা করে দেখা যায়, ১৯৭২ সালের ১২ জানুয়ারি শরীয়তপুর সদর উপজেলার মধ্যপাড়া মৌজার এসএ ২০, ২১, ২৭ ও ২৮ নম্বর দাগের ৩৭১ শতাংশ জায়গা আংগারিয়া উচ্চবিদ্যালয়ের নামে ক্রয় করা হয়। বিদ্যালয়ের সীমানাপ্রাচীর, শ্রেণিকক্ষ, প্রশাসনিক ভবন নির্মাণ ও পুকুর ভরাটের জন্য অর্থ প্রয়োজন হলে জমিটি বিক্রির সিদ্ধান্ত নেয় ব্যবস্থাপনা কমিটি। ২০১২ সালের ২৫ জুলাই ব্যবস্থাপনা কমিটি সভা করে জমি বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। তখন জমি ক্রয়ের জন্য তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান জে সরদার করপোরেশনকে এক কোটি ৫০ লাখ টাকায় জমি হস্তান্তর করার সিদ্ধান্ত হয়। তখন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি প্রধান শিক্ষককে ওই জমির দলিল সম্পাদন করার ক্ষমতা দেয়। ২০১২ সালের ৩০ ডিসেম্বর প্রধান শিক্ষক আনোয়ার কামাল জে সরদার করপোরেশনের মালিক জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই আবদুস সালামের নামে জমিটি নিবন্ধন করে দেন। জমিটি বিক্রি করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন নেয়নি।
২০১২ সালে জমিটির মৌজা ও শ্রেণিভিত্তিক সরকারি গড় মূল্য ছিল চার কোটি ৫৭ লাখ ৪২ হাজার ৪৪৫ টাকা। কিন্তু বিক্রি করা হয়েছে এক কোটি ৫০ লাখ টাকায়। ক্রেতা টাকা পরিশোধ করার জন্য আংগারিয়া উচ্চবিদ্যালয়কে দুটি চেক দেন। গত বছরের ২৪ জুলাই ওই চেকের টাকা উত্তোলন করার তারিখ ছিল। এখন পর্যন্ত ওই চেকের টাকা আদায় করা সম্ভব হয়নি। ব্যাংক থেকে চেক প্রত্যাখ্যাত হলে গত বছরের ১৯ আগস্ট আংগারিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্রেতার বিরুদ্ধে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন।
সরকারি হিসাব মোতাবেক তিন কোটি সাত লাখ ৪২ হাজার ৪৪৫ টাকা কম মূল্যে জমি বিক্রি করায় ২৭ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এ কারণে তৎকালীন শরীয়তপুর সদর অফিসের সাব-রেজিস্ট্রার আবু তালেব মিয়াকে মামলায় আসামি করা হয়েছে। তিনি বর্তমানে সিলেট সদরের সাব-রেজিস্ট্রার।
মুঠোফোনে আবু তালেব মিয়া বলেন, ‘তখন যে কাগজপত্র পেয়েছি, সে অনুযায়ী জমি নিবন্ধন করা হয়েছে। মামলা হওয়ার পরে অনিয়মের বিষয়টি জানতে পেরেছি। তখন যে পরিমাণ রাজস্ব কম দেওয়া হয়েছিল, তা এখন জমি ক্রেতা-বিক্রেতা জমা দিলেই সমাধান হয়ে যাবে।’
আনোয়ার কামাল বলেন, সরকারি মূল্যের চেয়ে জমির বাজারমূল্য কম থাকায় দেড় কোটি টাকায় বিক্রি করা হয়েছে। টাকার বিপরীতে দুটি চেক দেওয়া হয়েছিল। টাকা উত্তোলন করতে না পেরে আদালতে মামলা করা হয়েছে।
মুঠোফোনে চেষ্টা করেও পৌর মেয়র ও আংগারিয়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রব মুন্সী এবং জমির ক্রেতা জাহাঙ্গীর আলম ও আবদুস সালামের বক্তব্য পাওয়া যায়নি।
শরীয়তপুর সদর থানায় মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, মামলাটি এখন আদালতে পাঠিয়ে দেওয়া হবে।
দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক মলয় কুমার সাহা বলেন, অভিযোগ পেয়ে দুদক দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েছে। এরপর মামলা দায়ের করা হয়। এখন তদন্ত শেষ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।