শরীয়তপুর পৌরসভার পলাতক মেয়র বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের জমি বিক্রির টাকা আত্মসাৎ মামলার আসামি আবদুর রব মুন্সিকে শরীয়তপুর পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ৬ আগস্ট মামলাটি দায়ের করে। মামলায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আবদুর রব মুন্সিসহ ১২ জনের বিরুদ্ধে গত ৩০ জুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মেয়র আবদুর রব এরপর থেকে আত্মগোপনে রয়েছেন। তাঁকে সাময়িক বরখাস্তের আদেশ-সংক্রান্ত চিঠিটি গতকাল মঙ্গলবার শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে পৌঁছায়।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-১ শাখা) থেকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় সরকার মেয়র আবদুর রবকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।

এজাহারের বিবরণ অনুযায়ী, শরীয়তপুর সদরের আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের নিজস্ব ৩ একর ৭১ শতাংশ জমি বিক্রির জন্য ২০১২ সালে পত্রিকার মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। সরকারি হিসাবে, এ জমির সর্বনিম্ন দর ছিল সাড়ে চার কোটি টাকার বেশি। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান জে সরদার করপোরেশনের কাছে দেড় কোটি টাকায় তা বিক্রি করা হয়। জমিগ্রহীতা ৭০ লাখ ও ৮০ লাখ টাকার দুটি চেক দিলেও স্বাক্ষরে মিল না থাকায় এবং গ্রহীতার ব্যাংক হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় চেক প্রত্যাখ্যাত হয়। মামলা হওয়ার পর দুদকের ফরিদপুর আঞ্চলিক কার্যালয় বিষয়টি তদন্ত করে গত ২৮ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শরীয়তপুর পৌর মেয়র আবদুর রব, সদস্যসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এবং কমিটির ১০ সদস্যকে অভিযুক্ত করা হয়। গত ৩০ জুন আদালতে উপস্থিতির নির্দেশ আসামিদের কেউই মানেননি। ফলে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।