শরীয়তপুরে কিশোর কিশোরীকে বেঁধে অমানুষিক নির্যাতন
বিদ্যালয়ের মাঠে ১৫-২০ জন মানুষের জটলা, তাদের মাঝে দাঁড়িয়ে এক কিশোরী ও এক কিশোর। জটলার মধ্য থেকে এক ব্যক্তি তাদের গলায় জুতার মালা পরিয়ে দেন। দড়ি দিয়ে দুজনের হাত বাঁধা হয়। এরপর তাদের জুতাপেটা করা হয়। তিন ব্যক্তি তাদের পেটান। তাদের ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। অনেকে দাঁড়িয়ে হাসাহাসি করতে থাকে। ৬ মিনিট ৪২ সেকেন্ডের এমন একটি ভিডিও ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ভিডিওর দৃশ্যটি ধারণ করা হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের একটি বিদ্যালয়ের মাঠ থেকে। ঘটনাটি ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী ও তার এক প্রতিবেশী কিশোরকে ঘিরে। এ ঘটনায় পুলিশ গতকাল সোমবার সন্ধ্যায় আবদুল ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত মল্লিক এবং ওই বিদ্যালয়ের দপ্তরি বাদল মিয়াকে আটক করেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে তার প্রতিবেশী এক কিশোরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৬ ফেব্রুয়ারি তারা দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। পথে গ্রামের শেষ প্রান্তে নদীর ঘাট থেকে তাদের আটক করে কয়েক যুবক। এরপর তাদের নেওয়া হয় আবদুল ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত মল্লিকের বাড়িতে। লিয়াকত মল্লিকের নির্দেশে বাড়ির উঠানে তাদের শিকল দিয়ে বেঁধে রেখে রাতভর নির্যাতন চালানো হয়। পরের দিন তাদের নেওয়া হয় ওই বিদ্যালয়ের মাঠে। সেখানে তাদের দড়ি দিয়ে বাঁধা হয়, গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়।
কুণ্ডেরচর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল মল্লিক, স্থানীয় আমির হোসেন মল্লিক ও সুজন মল্লিক কিশোর-কিশোরীকে জুতা দিয়ে পিটিয়ে তাদের হাত বেঁধে বিদ্যালয়ের মাঠে ফেলে রেখে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করেন। এ ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাদের পরিবারকে হুমকি দেন কামাল মল্লিক। এমনকি তাদের চিকিৎসার জন্য গ্রামের বাইরে না নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়।
গতকাল সোমবার গিয়ে দেখা যায়, ওই দুই কিশোর-কিশোরী তাদের নিজ নিজ বাড়িতে রয়েছে। তারা বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছে না। নির্যাতনের পর তাদের কোনো চিকিৎসা দেওয়া যায়নি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসায় গ্রামের অনেকে ঘটনাটি জেনেছেন। খবর পেয়ে জাজিরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। গণমাধ্যমকর্মী ও পুলিশের উপস্থিতিতে গতকাল বেলা ১১টার দিকে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করে নির্যাতনকারীদের শাস্তি দাবি করেন।
কিশোরীর ভাই বলেন, ‘আমাদের না জানিয়ে লিয়াকত মল্লিক ও কামাল মল্লিক নেতৃত্ব দিয়ে প্রকাশ্যে ওদের নির্যাতন করেছেন। এমনকি তারা দুজন অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য গ্রামের বাইরে নিতে দেয়নি।’
কিশোরের বাবা বলেন, ‘আমরা গরিব মানুষ, ছেলে কৃষিশ্রমিকের কাজ করে। সে কোনো অন্যায় করলে আমরা আছি, দেশে আইন আছে। কামাল মল্লিকের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। এ কারণে সে এভাবে আমার ছেলেকে নির্যাতন করেছেন। আমি ঘটনাটি জাজিরা থানায় জানিয়েছিলাম। পুলিশ বলেছে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পুলিশ আর আসেনি। নির্যাতনের ঘটনার ভিডিও প্রচারিত হওয়ার পর পুলিশ এসেছে।’
পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে কামাল মল্লিক, আমির হোসেন মল্লিক ও সুজন মল্লিক গ্রাম থেকে পালিয়ে গেছেন। তাঁদের পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আবদুল ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত মল্লিক বলেন, ‘এ দুর্গম চরে প্রশাসনের লোক আসে না। আমাকেই সামাজিক বিভিন্ন অন্যায়ের বিচার করতে হয়। ওই ছেলে-মেয়ের বিরুদ্ধে অসামাজিক কাজ করার অভিযোগ ছিল। এ ঘটনার বিচারও আমি করেছি। ছেলে-মেয়ের অভিভাবককে খবর দেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা উপস্থিত না হওয়ায় তাঁদের ছাড়াই বিচার করা হয়েছে। স্কুলমাঠে কারা তাদের জুতাপেটা করেছে, তা আমার জানা নেই।’
জাজিরা থানার এসআই সঞ্জয় কুমার সাহা বলেন, কিশোর-কিশোরীকে নির্যাতনের ভিডিও থানায় আসার পরে পুলিশ ওই চরে গিয়েছিল। ঘটনার সত্যতা পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।