শরীয়তপুরে কৃষক লীগ নেতা গুলিবিদ্ধ
শরীয়তপুর সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী আজগর খানকে (৫০) সন্ত্রাসীরা গুলি করেছে। গতকাল সোমবার বিকেলে পৌর এলাকার বাঘিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংকটাপন্ন অবস্থায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
শরীয়তপুর সদর থানা, পৌর এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কৃষক লীগের নেতা আজগর খানের সঙ্গে শরীয়তপুর আন্তজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারের বিরোধ ছিল। প্রতিদিনের মতো গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে আজগর খান বাড়ি থেকে পৌর বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। শরীয়তপুর-নড়িয়া সড়ক দিয়ে যাওয়ার সময় বাঘিয়া নামক স্থানে ওত পেতে থাকা ফারুক চৌকিদারের সমর্থকেরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে নিলে সেখান থেকে আজগরকে ঢাকায় পাঠানো হয়। পরে পুলিশ ফারুক চৌকিদারের বাড়িতে অভিযান চালিয়ে সালাম তপাদার, ওসমান ছৈয়াল, মীর হোসেন, সাদ্দাম চৌকিদার, ইকবাল ফকির ও ইদ্রিস ব্যাপারী নামের ছয়জনকে আটক করে। তাঁরা সবাই ফারুক চৌকিদারের সমর্থক।
সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাহ আলম ছিদ্দিকী বলেন, ‘আজগর খানের মাথা, দুই পা ও মুখমণ্ডলে গুলিবিদ্ধ হওয়ার জখম ছিল। আমরা কোনো অস্ত্রোপচার না করে তাঁকে দ্রুত ঢাকায় পাঠাই।’