শরীয়তপুরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদরের নিউ মেট্রো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা না পেয়ে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চিকিৎসক শাহিনুর নাজিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। গৃহবধূ লাবণ্য আক্তারের (২৪) দেবর মো. সালাউদ্দিন গত রোববার রাতে সদর থানায় মামলাটি করেন।
ঘটনা তদন্তে শরীয়তপুর স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
লাবণ্যের পরিবার সূত্রে জানা গেছে, জেলার নড়িয়া উপজেলার মশুরা গ্রামের ইতালিপ্রবাসী জলিল মাদবরের স্ত্রী লাবণ্য।
গত বৃহস্পতিবার বিকেলে তাঁর প্রসববেদনা উঠলে তাঁকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। ওই ক্লিনিকে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার
করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা শাহিনুর। কিন্তু লাবণ্য আক্তারকে তিনি কোনো চিকিৎসা না দিয়ে ফেলে রাখেন। এতে রোববার রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
শাহিনুর নাজিয়া ঘটনার পর থেকে পলাতক। এ ব্যাপারে কথা বলতে তাঁর মুঠোফোনে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে।