শরীয়তপুরে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দুটি গ্রাম থেকে আট দিনের ব্যবধানে দুই শিশুশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ দুটি ঘটনায় সখীপুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এর মধ্যে উপজেলার ডিএমখালী ওহাব ঢালীকান্দি গ্রামের নান্নু মিয়া খানের ছেলে সিয়াম মাহমুদ (১১) নিখোঁজ হয় ৭ জুলাই। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। আর সখীপুর সরদার কান্দি গ্রামের লেহাজ উদ্দিন শেখের মেয়ে লিজা আক্তার (৮) নিখোঁজ হয়েছে গত শনিবার। সে ১ নম্বর সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসাছাত্র সিয়াম সখীপুর মোল্যাকান্দি হজরত মোহাম্মদ (সা.) নুরানি মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র। সে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সখীপুর থানায় জিডি করেন।
সিয়ামের বাবা নান্নু মিয়া খান বলেন, তাঁর ছেলে প্রতি শুক্রবার মাদ্রাসা থেকে বাড়ি আসত। আবার মাদ্রাসায় ফিরে যেত। একাই যাতায়াত করত সে। ৭ জুলাই শুক্রবার সে বাড়ি এসে বিকেল পর্যন্ত ছিল। কিন্তু বাড়ি থেকে বের হয়ে আর মাদ্রাসায় ফেরেনি। তার আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
এদিকে লিজা আক্তার গত শনিবার বিকেলে বাড়ি থেকে খেলা করতে বের হয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা লেহাজ উদ্দিন শেখ থানায় জিডি করেন।
লিজার বাবা লেহাজ উদ্দিন শেখ বলেন, লিজা ১৫ জুলাই দুপুরের খাওয়া শেষ করে বাড়িতে বিশ্রাম নেয়। এরপর বিকেলে সে খেলা করতে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়ি ফেরে না। তখনই পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথায়ও তাকে পাওয়া যায়নি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, শিশু দুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।