শরীয়তপুরে নদী থেকে তরুণের লাশ উদ্ধার
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচক এলাকার কীর্তিনাশা নদী থেকে রনি ব্যাপারী (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে লাশটি নড়িয়া থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওই তরুণ একই উপজেলার আনাখন্ড গ্রামের ইলিয়াছ ব্যাপারীর ছেলে। তিনি ভোজেশ্বর বাজারে একটি স্টিলের আসবাব তৈরির দোকানের মিস্ত্রি ছিলেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি।
নড়িয়া থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, উপজেলার আনাখন্ড গ্রামের রিকশাচালক ইলিয়াছ ব্যাপারীর ছেলে রনি ব্যাপারী। দুই বছর ধরে ভোজেশ্বর বাজারের শাহ থাই গ্লাস অ্যান্ড স্টিল হাউস নামের একটি স্টিলের আসবাব তৈরির দোকানে মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। বাড়িতে খাবার খাওয়ার কথা বলে মঙ্গলবার দুপুরে দোকান থেকে বের হন। এরপর আর তাঁর সন্ধান পাচ্ছিল না পরিবার। কোথাও খুঁজে না পেয়ে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ভোজেশ্বর ও আশপাশের এলাকায় মাইকিং করা হয়। বেলা সাড়ে তিনটার দিকে পাঁচক এলাকার কীর্তিনাশা নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এলাকার মানুষ। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি নিখোঁজ রনি ব্যাপারীর বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আবদুল হান্নান বলেন, ‘কীভাবে ছেলেটার মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।