শরীয়তপুরে পুরোহিতকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা শহরে মন্দিরে হামলা এবং প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এদিকে গতকাল বিকেলে শহরের মহাদেব জিউ নামের অপর একটি মন্দিরের প্রধান পুরোহিতকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
হুমকি পাওয়া পুরোহিতের নাম সুকুমার ভট্টাচার্য। তিনি বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে অপরিচিত এক ব্যক্তি তাঁকে ফোন করেন। ওই ব্যক্তি তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে মন্দির ত্যাগ করতে বলেন। না হলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান গতকাল রাত আটটার দিকে বলেন, পুরোহিত ও মন্দির কমিটির সদস্যরা তাঁর কাছে গিয়ে বিষয়টি তাঁকে জানিয়েছেন। এ ব্যাপারে সাধারণ ডায়েরির (জিডি) প্রস্তুতি চলছে।
এর আগে গত শুক্রবার গভীর রাতে শহরের পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দির ও ঋষিপাড়া কালী মন্দিরে হামলা চালিয়ে ১২টি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। শহরের প্রাণকেন্দ্র পালং মডেল থানার ৫০ মিটারের মধ্যে ওই হামলার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট, পালং হরিসভা, ইসকন ও উদীচী শিল্পীগোষ্ঠী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।