শরীয়তপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুহুল আমিন ওরফে বাঘা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ভদ্রচাপ এলাকায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’ তিনি মারা যান। শরীয়তপুরের পুলিশ সুপার আবদুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত রুহুল আমিনের বাড়ি গোসাইরহাট উপজেলার চর যুখিরগাঁও গ্রামে।

আবদুল মোমেন বলেন, রুহুল আমিন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মাদকের মামলা। গোয়েন্দা পুলিশ খবর পায়, বৃহস্পতিবার দিবাগত রাতে নাগেরপাড়া ইউনিয়নের ভদ্রচাপ এলাকায় রুহুল আমিন ও তাঁর সাঙ্গপাঙ্গরা জড়ো হয়ে মাদক ভাগাভাগি করছেন। গোসাইরহাট থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। রুহুল আমিনের সাঙ্গপাঙ্গরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। পুলিশ তখন আত্মরক্ষার চেষ্টা করে। পরে ওই মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশ।

পুলিশের ভাষ্য, এ সময় ঘটনাস্থল থেকে ২৮৩ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, ১টি ওয়ান শুটার গান, ২টি গুলি, ৯টি ককটেল, ১টি রামদা ও ২টি ছোরা উদ্ধার করা হয়েছে।

নিহত রুহুল আমিনের ভাই বাচ্চু বাঘা দাবি করেন, গতকাল দুপুরে সাদাপোশাকে লোকজন মোটরসাইকেলে করে রুহুল আমিনকে ধরে নিয়ে যায়। তারপর থানা-পুলিশসহ নানা জায়গায় খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।