শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে গতকাল মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় হোসেন খান নামের একজন নিহত হয়েছেন। তিনি বোমা হামলায় নিহত হন বলে জাজিরা থানার পুলিশ জানিয়েছে।
হোসেন খান (৩২) ওই ইউনিয়নের মীর আলী মাদবরকান্দি গ্রামের জলিল খানের ছেলে। পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বর্তমান চেয়ারম্যান সিরাজ সরদার ও সাবেক চেয়ারম্যান শফিজ উদ্দিন খলিফার মধ্যে বিরোধ চলছে। তাঁরা উভয়েই জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। গত সোমবার রাতে সিরাজের সমর্থকেরা রঞ্জন ছৈয়ালকান্দি গ্রামে শফিজ উদ্দিনের সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেন। গতকাল সকালে সিরাজ সরদারের সমর্থকেরা শফিজ উদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালান। তাঁরা ওই গ্রামে বোমার বিস্ফোরণ ঘটাতে থাকেন। বোমার আঘাতে হোসেন খান আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সকাল সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে সিরাজ সরদারকে এলাকায় দেখা যায়নি। মুঠোফোনে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।