শরীয়তপুরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বাজার থেকে উজ্জ্বল মোল্লা (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই বাজারের কাঠের ব্যবসায়ী। গতকাল শুক্রবার সকালে পুলিশ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন শেখ বলেন, ওই ব্যবসায়ীর বাবা আফজাল মোল্লা গতকালই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের সদস্যরা লাশ পিরোজপুরে নিয়ে গেছেন। হত্যাকারীদের গ্রেপ্তারের ও হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
জাজিরা থানার পুলিশ সূত্র জানায়, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সুঠিয়াকাঠি গ্রামের আফজাল মোল্লা ও তাঁর ছেলে উজ্জ্বল মোল্লা কাঠের ব্যবসায়ী। শরীয়তপুরের জাজিরার কাজিরহাট বাজারে তাঁদের দুটি কাঠ বিক্রির দোকান রয়েছে। তাঁরা আলাদাভাবে দোকান দুটি চালাতেন। গতকাল পুলিশ উজ্জ্বল মোল্লার দোকান থেকে গলাকাটা লাশটি উদ্ধার করে।
আফজাল মোল্লা বলেন, ‘পরিবারের সদস্যরা পিরোজপুরের গ্রামের বাড়ি থাকেন। আমরা দুজন এ এলাকায় কাঠের ব্যবসা করতাম। আমাদের কোনো শত্রু নেই। ব্যবসা নিয়ে অনেকে আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবতেন। কারা কী উদ্দেশ্যে আমার ছেলেকে হত্যা করেছে, আল্লাহই জানেন।’