শরীয়তপুরে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালদি গ্রামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। টর্চের আলো ফেলা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে গত মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাহিন মাদবর (৩০)। তাঁর বাড়ি দক্ষিণ গোয়ালদি গ্রামে। একই গ্রামের জামাল ব্যাপারী ও তাঁর স্বজনেরা এ হত্যাকাণ্ড ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত শাহিনের স্ত্রী শাহিনুর বেগম বলেন, ‘আমার স্বামীর সাথে কারও বিরোধ ছিল না। তারপরও শাহিনকে জামাল ও তাঁর ভাইয়েরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। আমি এখন দুই শিশুসন্তান নিয়ে কোথায় যাব।’

পালং মডেল থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শাহিন মাদবর পালং বাজারে ফলের ব্যবসা করেন। ব্যবসায়িক কাজ শেষ করে মঙ্গলবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এসে চাচাতো ভাই আক্তার মাদবরের সঙ্গে জামাল ব্যাপারীর কথা-কাটাকাটি হতে দেখেন। তিনি আক্তারের পক্ষে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জামাল তাঁর স্বজনদের খবর দিয়ে নিয়ে এসে শাহিনের ওপর হামলা চালান। স্থানীয় লোকজন উদ্ধার করে শাহিনকে শরীয়তপুর সদর হাসপাতালে আনেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আক্তার মাদবরবলেন, ‘টর্চলাইটের আলো ফেলা নিয়ে জামালের সাথে আমার ঝগড়া হচ্ছিল। এ সময় শাহিন এগিয়ে আসেন। জামাল ও তাঁর ভাইয়েরা শাহিনকে ইট ও বাঁশ দিয়ে পেটান। আমি দৌড়ে লোকজনকে খবর দিতে যাই। এসে দেখি শাহিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।’

এ বিষয়ে কথা বলার জন্য গতকাল বুধবার জামাল ব্যাপারীর বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাঁদের বক্তব্যও জানা যায়নি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো মামলা হয়নি। মামলা হলে আসামিদের সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তখন গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।