শরীয়তপুরে তরুণের রহস্যজনক মৃত্যু
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মিত্র সেনপট্টি এলাকায় আজ রোববার সকালে ফিরোজ সরদার (১৮) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, মুঠোফোন চুরি করে ধরা পড়ায় গণপিটুনিতে ফিরোজ মারা গেছেন। ফিরোজের বাবার ভাষ্য, হোটেলের মালিক রাতে ডেকে নিয়ে যাওয়ার পর সকালে তিনি ছেলের হাত-পা বাঁধা লাশ পেয়েছেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেনের ভাষ্য, মুঠোফোন চুরি করতে গিয়ে ফিরোজ ধরা পড়েছেন। পরে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।
ফিরোজের বাবা সবুজ সরদারের ভাষ্য, সালাম পেদার মালিকানাধীন তানিয়া আবাসিক হোটেলে খণ্ডকালীন কাজ করতেন ফিরোজ। গতকাল শনিবার রাতে সালাম পেদা ফোন করে ফিরোজকে ডেকে নেন। এরপর তিনি রাতে বাসায় আসেননি। আজ ভোরে সালাম পেদা তাঁকে (সবুজ সরদার) ফোন করে বলেন, ফিরোজ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে নিয়ে যেতে হবে। এরপর তিনি গিয়ে দেখেন, হোটেলের বাইরে একটি কাঠমিলের কাছে হাত-পা বাঁধা অবস্থায় ফিরোজ পড়ে আছেন। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।