শরীয়তপুরে শিশুকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর মোল্যাকান্দি গ্রামে হীরামনি (৮) নামের এক শিশুকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। সে ওই গ্রামের মানিক হাওলাদারের মেয়ে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে মাথায় কুপিয়ে জখম করা হয়। সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিবেশী দাদন হাওলাদার এবং তাঁর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মেয়েটি স্থানীয় জয়নগর মোল্যাকান্দি আইতুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানায়, জয়নগর মোল্যাকান্দি গ্রামের দাদন হাওলাদার ও মানিক হাওলাদারের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে ২০১৫ সালে দাদন হাওলাদারের ভাই সোনা মিয়া হাওলাদারকে হত্যা করা হয়। এই মামলার আসামি মানিক হাওলাদার ৪ জুন আদালত থেকে জামিনে ছাড়া পান। বাড়ি ফেরার পর তাঁর ওপর হামলা করে প্রতিপক্ষ। তখন তাঁর স্ত্রী মেরিনা আক্তারকে মারধর করা হয়। মেরিনা আক্তার বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
গতকাল দুপুর ১২টার দিকে মানিক হাওলাদারের বাড়িতে হামলা করে প্রতিপক্ষ দাদন হাওলাদারের সমর্থকেরা। মানিক হাওলাদারকে না পেয়ে তাঁর শিশুকন্যা জয়নগর মোল্যাকান্দি আইতুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী হীরামনিকে কুপিয়ে জখম করা হয়। তার মাথায় তিনটি স্থানে কোপানো হয়। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, মেয়েটির মাথায় তিনটি স্থানে কোপের চিহ্ন রয়েছে। আঘাতগুলো অনেক গুরুতর। সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শিশুটির মা মেরিনা আক্তার বলেন, ‘সোনা মিয়া হাওলাদারকে কারা খুন করেছে আমরা জানি না। এর জের ধরে দাদন হাওলাদার আমাদের বাড়িঘর লুটপাট করেছে। আমার স্বামী জেল খেটেছে। তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে। দাদন হাওলাদার লোকজন নিয়ে আমার স্বামীর ওপর হামলা চালায়, জীবন বাচাতে সে দৌড়ে পালায়। তখন আমার শিশুমেয়েটিকে হত্যা করার জন্য কোপানো হয়। তাকে কুপিয়ে পানির মধ্যে ফেলে রেখে যায়।’
ঘটনার পর থেকে দাদন হাওলাদার ও তাঁর পরিবারের সদস্যরা গ্রাম থেকে পালিয়েছেন। জানতে চাইলে দাদন হাওলাদার মুঠোফোনে বলেন, ‘মানিক হাওলাদার তাঁর মেয়েকে কুপিয়ে আমাদের মামলার আসামি করতে চায়।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা করা হয়নি।