শরীয়তপুরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ডামুড্যায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগে একই গ্রামের তিন তরুণকে আসামি করে ডামুড্যা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডামুড্যা থানা-পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধানকাঠি ইউপির একটি গ্রামের কৃষকের মেয়ে একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত বুধবার সন্ধ্যায় বান্ধবীর বাড়ি থেকে আসার সময় তাকে জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে যায় একই গ্রামের তিন তরুণ। পরে মেয়েটিকে এক তরুণ ধর্ষণ করে। মেয়েটিকে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শরীয়তপুর সদর হাসপাতালে বসে গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রী জানায়, তাকে প্রায়ই ওই তরুণ উত্ত্যক্ত করতেন। মুখে কাপড় বেঁধে তাকে বাগানে নিয়ে ধর্ষণ করা হয়। অঝোর ধারায় কান্না করতে করতে কিশোরী বলে, ‘আমার সব শেষ করে দিল সে। এখন আমি কীভাবে সমাজে মুখ দেখাব।’
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় মোতালেব বিশ্বাস (২৪), জান শরীফ বিশ্বাস (২২) ও মোকলেস বিশ্বাসকে (২২) আসামি করে একটি মামলা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা শরীয়তপুর সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।