শরীয়তপুরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক স্কুলছাত্রী (১৩) গণধর্ষণের শিকার হয়েছে। গত রোববার রাতে মেয়েটির ভগ্নিপতি তিন সহযোগীসহ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মেয়েটির বাবা চারজনকে আসামি করে গোসাইরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে।
গোসাইরহাট থানা সূত্র জানায়, মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। একই গ্রামের আবুল কাশেম হাওলাদার তার ভগ্নিপতি। রোববার রাতে আবুল কাশেম মেয়েটিকে ঘরে একা পেয়ে মুখে কাপড় পেঁচিয়ে তুলে নিয়ে যান। পরে বাড়ির পাশের ফসলি জমিতে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় কাশেমের সঙ্গে একই গ্রামের মনু মালত (২২), ইবু গাজী (২৩) ও অজ্ঞাতনামা এক যুবকও তাকে ধর্ষণ করেন।
পরে গ্রামবাসী মেয়েটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ছাত্রীর বাবা সোমবার গোসাইরহাট থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনই এজাহারভুক্ত আসামি মনুকে গ্রেপ্তার করে। মেয়েটির বাবা বলেন, কয়েক দিন আগে তাঁর বড় মেয়ের সঙ্গে কাশেমের ঝগড়া হয়েছিল। এর প্রতিশোধ নিতে কাশেম এ কাজ করতে পারেন বলে মনে করেন তিনি।
ঘটনার পর থেকে কাশেম ও ইবু পলাতক। তাঁদের পরিবারের সদস্যরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।