চট্টগ্রাম নগরের ঝাউতলা এলাকায় রেলওয়ের কাছ থেকে জমি লাইসেন্স (ইজারা) নিয়ে শর্ত ভঙ্গ করে ১৪টি প্লটে অস্থায়ী কাঠামোর পরিবর্তে স্থায়ী কাঠামো নির্মাণ করা হচ্ছে। গত মার্চ মাসের প্রথম সপ্তাহে সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে ১৪টি প্লট লাইসেন্স গ্রহীতাকে বুঝিয়ে দেয় রেলওয়ে। এরপর সেখানে আরসিসি পিলার দিয়ে স্থাপনা (দোকান) নির্মাণের কাজ শুরু হয়।
রেলওয়ে সূত্র জানায়, বার্ষিক নবায়নযোগ্য প্লট বা জমিতে আরসিসি পিলার দিয়ে স্থায়ী কাঠামো নির্মাণ বেআইনি। তবে ইটে দিয়ে আধা পাকা ঘর নির্মাণ করার নিয়ম রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, প্রতি বর্গফুট বার্ষিক ৪০ টাকা দরে বিভিন্ন আয়তনের ১৪টি প্লটের বাণিজ্যিক লাইসেন্স ২০১১ সালে ১৪ জনকে দেওয়া হয়। প্রতিটি প্লটের আয়তন ৪০০ থেকে ৫৫০ বর্গফুট। কিন্তু অবৈধভাবে ওই জায়গা দখল করে রেখেছিল স্থানীয় কিছু ব্যক্তি। প্রায় ছয় বছর পর গত মার্চে সেখানে উচ্ছেদ অভিযান চালায় রেলের ভূসম্পত্তি বিভাগ। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ঝাউতলা স্টেশনের অদূরে প্রায় ২৪টি প্লট উদ্ধার করে রেলওয়ে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৪টি প্লট লাইসেন্সগ্রহীতাকে বুঝিয়ে দেওয়া হয়।
লাইসেন্সের বিপরীতে প্লট পাওয়া রুহুল আমিন বলেন, ‘৫২০ বর্গফুট আয়তনের প্লট আমি ছয় বছর পর ফিরে পেয়েছি। প্লটের পাশে রেললাইন। ভারী ট্রেন চলাচল করলে রেললাইন কেঁপে ওঠে। তাই ইটের পরিবর্তে আরসিসি পিলার দিয়ে ঘর নির্মাণ করছি।’ তিনি বলেন, বেশির ভাগ প্লট দোকান হিসেবে ব্যবহার করা হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, দক্ষিণ খুলশীর ঝাউতলা এলাকায় রেলের কাছ থেকে নেওয়া লাইসেন্স নেওয়া ব্যক্তিরা কেবল অস্থায়ী কাঠামো নির্মাণ করতে পারবেন। আরসিসি পিলার দিয়ে ঘর নির্মাণ করা বেআইনি। এ রকম কিছু হয়ে থাকলে আরসিসি পিলার ভেঙে দেওয়া হবে।
ঝাউতলায় আরও দুজন ইজারাগ্রহীতা নাম না প্রকাশের শর্তে বলেন, রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ ১৪টি প্লটের লাইসেন্স দিয়ে রাজস্ব পাচ্ছে। কিন্তু ঝাউতলার আরও ৯-১০টি প্লট খালি আছে। এই প্লটগুলো স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখলে নেওয়ার চেষ্টা করছেন।
প্লটের পাশের রেললাইন দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-নাজিরহাট এবং দোহাজারী ট্রেন চলাচল করে। ভবিষ্যতে চট্টগ্রাম-কক্সবাজারের ট্রেনও এই রেললাইনে চলাচল করবে। রেললাইন থেকে ১০-১২ ফুট দূরে প্লটগুলোর অবস্থান।
ঝাউতলার খালি প্লটগুলো সম্পর্কে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা বলেন, কীভাবে সেই প্লটগুলোর লাইসেন্স দেওয়া যায়, সে ব্যাপারে প্রধান ভূসম্পত্তি কর্মকর্তার মতামতের জন্য তিনি চিঠি দিয়েছেন।