শর্ত পূরণ না করলে চলতে পারবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখনো দেশের কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি । এসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এভাবে বেশি দিন চলতে পারবে না ।
আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তরা ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রায় এক লাখ বেশি । তবে সরকার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে কোনো পার্থক্য করে না । সরকার তাঁদের সবার জন্য মানসম্মত শিক্ষা ও সুযোগ নিশ্চিত করতে চায় ।
দেশের বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফিসহ সব ধরনের ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী ।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। আরও বক্তব্য দেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আজিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. বদরুল ইকবাল প্রমুখ।
সমাবর্তনে ৩ হাজার ডিগ্রিধারীকে সনদ দেওয়া হয়।