শহর কমিটির নেতাকে দায়ী করছে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে ছুরিকাঘাতে ‘বঙ্গবন্ধু সৈনিক লীগের’ জেলা আহ্বায়ক শিমুল হক ওরফে রেহানের নিহত হওয়ার ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে তাঁর পরিবার। এ জন্য আটক শহর কমিটির নেতা সবুজ সওদাগরসহ পাঁচজনকেই দায়ী করা হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
গত শুক্রবার সন্ধ্যায় বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে ছুরিকাঘাতে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা আহ্বায়ক শিমুল হক নিহত হওয়ার ঘটনায় তাঁর পরিবার দাবি করেছে, শহর কমিটির নেতা সবুজ সওদাগর ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তবে গতকাল রাত নয়টার দিকে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এর আগে সন্ধ্যা সোয়া সাতটার দিকে যোগাযোগ করা হলে শিমুল হকের বড় ভাই মিনহাজুল হক প্রথম আলোকে বলেন, লাশ ময়নাতদন্ত শেষে হাসপাতাল থেকে বুঝে পাওয়ার পর জানাজা ও দাফন নিয়ে দিনভর ব্যস্ত ছিলেন। তাই মামলা করা হয়নি। রাতেই সদর থানায় তাঁর সবুজ সওদাগর ও তাঁর সহযোগীদের আসামি করে হত্যা মামলা দায়েরের কথা।
দলীয় ও পারিবারিক সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে শিমুল হকের লাশ টেম্পল সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেওয়া হয়। বাদ আসর মালতিনগর স্টাফ কোয়ার্টার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে শহরের শেরপুরে তাঁর লাশ দাফন করা হয়।
গত শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শহরের সাতমাথায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিজ সংগঠনের নেতা-কর্মীদের হাতে খুন হন বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা শিমুল হক। এ ঘটনায় সংগঠনটির শহর শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ সওদাগর এবং তাঁর ভাই সোহান সওদাগর, সহযোগী বিপুল হোসেন, রাহাত রিপন ও বেল্লাল হোসেনকে আটক করে পুলিশ।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আখেরুল ইসলাম, সহসভাপতি সিরাজুল ইসলাম মুন্সি ও সাধারণ সম্পাদক তোহুরুল ইসলাম। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের গচ্ছিত মোটা অঙ্কের টাকা আত্মসাতে বাধা পেয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান গতকাল শনিবার বেলা ১১টার দিকে থানায় তাঁর কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঘটনাস্থল থেকে মনিরুলের মরদেহ, একটি তাজা গুলি, তিনটি গুলির খোসা ও পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সিরাজুল ইসলাম মুন্সি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল সোনামসজিদ স্থলবন্দরসংলগ্ন শিয়ালমারা গ্রামে মনিরুল ইসলামের বাড়ি গিয়ে দেখা যায়, বহু মানুষের ভিড়। সেখানে আহাজারি করছিলেন স্ত্রী রহিমা খাতুন, বোন সাহানারা খাতুন, জেসমিন খাতুন ও রুনা খাতুন। তাঁরা খুনিদের ফাঁসি দাবি করেন।