রাজবাড়ী শহর রক্ষা বাঁধের পাশে বালু রেখে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ব্যবসা করে আসছেন। ভেজা এসব বালুর পানি চুইয়ে সম্প্রতি বলিতা স্লুইসগেট এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লকের বেশ কিছু অংশ ধসে যায়।
এতে পুরো বাঁধই ঝুঁকির মুখে পড়েছে। এ অবস্থায় গত বুধবার বিকেলে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা ফুটবল মাঠে জেলা প্রশাসন নদীর তীর রক্ষায় সচেতনতামূলক সভা করেছে।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক বলেন, অপরিকল্পিতভাবে বালু তোলার পর নদীর পাড়ে রেখে ব্যবসা করায় বলিতা স্লুইসগেট এলাকার সিসি ব্লকের বাঁধ ধসে অপূরণীয় ক্ষতি হয়েছে। এটা বন্ধ না হলে বাঁধের আরও ক্ষতি হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, নদীতীর থেকে কমপক্ষে ২০০ মিটার বা ৬০০ ফুট দূর থেকে বালু উত্তোলন করা যাবে। উত্তোলনের পর কোথায় তা গুদামজাত করা যাবে, নৌপরিবহন কর্তৃপক্ষ, পাউবোসহ জেলার একটি কমিটি আছে, তারা তার অনুমোদন দেবে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বরাট ইউনিয়নের অন্তারমোড় থেকে মিজানপুর ইউনিয়নের গোদার বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় ১৫-১৬টি স্থানে বাঁধের পাশে বালু রেখে ব্যবসা চলছে। নদী থেকে বালু উত্তোলনের পর বড় ইঞ্জিনচালিত ট্রলার বা নৌকায় করে এনে তা শ্যালো ইঞ্জিন দিয়ে পাইপের মাধ্যমে তীরে স্তূপ করে রাখা হচ্ছে। ভেজা এসব বালুর পানি বের হওয়ার পথ না থাকায় তা চুইয়ে পাড়ের সিসি ব্লকের নিচ দিয়ে ঢুকে নদীতে গিয়ে পড়ছে। এর ফলে নিচে ফাঁকা হয়ে ৬ জানুয়ারি সকালে মিজানপুর ইউনিয়নের বলিতা স্লুইসগেট-সংলগ্ন জামে মসজিদের পাশ থেকে সিসি ব্লকের ৮০ মিটারের বেশি অংশ ধসে যায়। এতে বলিতা বাইতুল নূর জামে মসজিদসহ আশপাশের শতাধিক বাড়ি ঝুঁকিতে পড়েছে। নদীর পাড় থেকে শহর রক্ষা বাঁধের দূরত্ব প্রায় ৫০ মিটার। এ অবস্থায় জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসন বুধবার বিকেলে বরাটের উড়াকান্দায় সভা করেছে।
সভায় বরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মুনিরুজ্জামান বলেন, বন্যার সময় বাঁধে অস্থায়ীভাবে বস্তা ফেললেও স্থায়ীভাবে কিছু করা হয়নি।
রাজবাড়ী শিল্প ও বণিক সমিতির সভাপতি কাজী এরাদত আলী বলেন, উড়াকান্দা থেকে গোদার বাজার পর্যন্ত ৫-৬ মাইল নদীগর্ভে গেছে। ভাঙতে ভাঙতে নদীর পাড় এখন বেড়িবাঁধের (শহর রক্ষা) কাছে এসেছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী গৌড়পদ সূত্রধর বলেন, ২০১২ সালে শহর রক্ষায় একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমলাতান্ত্রিক কিছু জটিলতায় তা একবার এগোয়, আবার পেছায়। আশা করি, আগামী বন্যার আগে কাজ করতে পারব।
ইউএনও সৈয়দা নুরমহল আশরাফী বলেন, শহর রক্ষা বাঁধের বিষয়ে পরিকল্পনা কমিশনে পাস হয়েছে। সেটা আন্তমন্ত্রণালয়ের সভা থেকে প্রধানমন্ত্রীর একনেক সভায় যাবে। সেখানে পাস হলে বরাদ্দ হবে।
রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী বলেন, বাঁধ রক্ষায় শিগগিরই সব বালু সরিয়ে ফেলতে হবে। প্রশাসনের অনুমতি ছাড়া বালু রাখা যাবে না।
জেলা প্রশাসক জিনাত আরা বলেন, ‘বাঁধ রক্ষায় এলাকাবাসীর সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। তারপরও কাজ না হলে আইন প্রয়োগ করা হবে।’