শহরে হামলা, অগ্নিসংযোগ আহত শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দুই দল অটোরিকশাশ্রমিকের মধ্যে সংঘর্ষে যুবলীগের নেতা নিহত হওয়ার পরদিন গতকাল শনিবার সান্তাহার শহরে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে।
সান্তাহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৩৮) নিহত হওয়ার জের ধরে গতকাল সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশাশ্রমিক ও শফিকুলের গ্রাম সান্দিড়ার কয়েক শ বাসিন্দা শহরের বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
গতকাল সারা দিন সান্তাহার শহরে কোনো দোকানপাট খোলা হয়নি এবং কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। এদিকে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা সমিতির শ্রমিকদের মধ্যে ওই সংঘর্ষে আহত সোহাগ হোসেন (৩৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে ওই দিন গভীর রাতে।
গতকাল সকাল থেকে আওয়ামী লীগ-সমর্থিত অটোরিকশাশ্রমিক ও শফিকুলের গ্রামের কয়েক শ লোক সান্তাহার শহরে তাণ্ডব চালান। বিক্ষুব্ধ লোকজন শহরের ঘোটাঘোট এলাকার গ্রামীণ ফুডস, মডার্ন হোমিও ফার্মেসি, আশা ট্রেডার্স ও ডেইলি বাজারে সুফি হার্ডওয়্যারের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। এ ছাড়া বাজার ও স্টেশন এলাকায় শতাধিক দোকানের বৈদ্যুতিক মিটার ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ ও র্যা ব মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় শহরের ব্যবসায়ী মহলে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
সিএনজিচালিত অটোরিকশার শ্রমিক সোহাগকে শুক্রবার সংঘর্ষের সময় গুরুতর আহত অবস্থায় প্রথমে আদমদীঘি উপজেলা হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়া হয়েছিল। ঢাকায় দিবাগত রাত তিনটায় তাঁর মৃত্যু হয়। সোহাগ নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামের আবদুল খালেকের ছেলে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, শুক্রবারের ঘটনায় গতকাল সকালে সান্তাহার ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও সজল হোসেন নামের দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই (উপপরিদর্শক) সানোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক আবদুল খালেককে প্রত্যাহার করা হয়েছে। ওসি বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থক দুই দল শ্রমিকের পুরোনো বিরোধের জের ধরে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, যুবলীগের নেতা শফিকুল ইসলাম নিহত হন পুলিশের গুলি ও প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে। পুলিশ ওই সংঘর্ষের সময় গুলি করার কথা স্বীকার করেছে। সংঘর্ষে রামদা ও পুলিশের শটগানের গুলিতে শফিকুল ইসলামের ছোট ভাই বাশেদুল ইসলাম ওরফে বাদশাহসহ ১০ জন আহত হয়েছিলেন।
শফিকুলের বড় ভাই ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক-মালিক সমিতির সভাপতি নুর ইসলাম জানান, গতকাল বাদ জোহর সান্দিড়া গ্রামের স্কুলমাঠে শফিকুলের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। সোহাগ হোসেনের লাশ গতকাল দুপুর পর্যন্ত ঢাকা থেকে তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়নি।