শহরের প্রবেশদ্বার বন্ধ করে আ.লীগের মঞ্চ, ভোগান্তি

জনসাধারণের চলাচলের ব্যস্ততম সড়কটি বন্ধ করে সড়কের ওপর তৈরি মঞ্চে সমাবেশ করল ঝিনাইদহের কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ। গতকাল শনিবার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সরকারি দলের সম্মেলন চলায় মহাসড়ক থেকে উপজেলা শহরে প্রবেশের ব্যস্ততম সড়কটি পুরো দিনই বন্ধ ছিল। শহরের কলাহাটা মোড়ে তৈরি করা হয়েছিল মঞ্চ। এই মঞ্চের কারণে জনসাধারণের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয় পথচারী ও যানবাহনের চালকদের। অনেকে না বুঝে ওই সড়কে প্রবেশ করে মঞ্চ দেখে ফিরে যেতে বাধ্য হন। আবার অনেকে কিছুটা পথ ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করেন।
কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা, বাকুলিয়া, আনন্দবাগ ও কলেজপাড়ার কিছু অংশ নিয়ে গঠিত ২ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় গতকাল বিকেলে। এ সম্মেলন উপলক্ষে কালীগঞ্জ উপজেলার মহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের পেছনে কলাহাটা মোড়ে সড়কের ওপর মঞ্চ তৈরি করে দলটি। সকাল থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। বিকেলে অনুষ্ঠিত হয় সম্মেলন, যা সন্ধ্যা পর্যন্ত চলে। ফলে গোটা দিনই সড়কটি বন্ধ থাকে। এতে জনসাধারণকে ভোগান্তিতে পড়তে হয়।
সড়কের ওপর অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাংসদ আনোয়ারুল আজিম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী। জেলার সাংগঠনিক সম্পাদক আক্কাচ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মকছেদ আলী, সাধারণ সম্পাদক তোরাপ আলী প্রমুখ বক্তৃতা করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল ইসলাম।
ওই সড়কের পাশের একাধিক ব্যবসায়ী জানান, কালীগঞ্জ শহরে প্রবেশের সাতটি সড়ক রয়েছে। এর একটি কলেজ মোড়, যা মহাসড়ক থেকে বের হয়েছে। খয়েরতলা, বাকুলিয়া, বেজপাড়া, সুন্দরপুর, মহাদেবপুর, ভাটপাড়াসহ শহরের উত্তরাঞ্চলের বেশ কিছু গ্রামের লোকজন এই সড়ক দিয়ে কালীগঞ্জ শহরে প্রবেশ করেন। এই প্রবেশমুখে কলাহাটা মোড়ে মঞ্চ তৈরি করে সমাবেশ করা হয়েছে।
এ ছাড়া এই সড়কের যে স্থানে মঞ্চ তৈরি করা হয়েছে, তার পাশে রয়েছে কাঁচাবাজার। প্রতিদিন এই বাজারে প্রচুর সবজি কেনাবেচা হয়। এ সমাবেশের কারণে গতকাল তাঁদের ব্যবসায় বিঘ্ন ঘটে। ব্যবসায়ীরা আরও জানান, সমাবেশটি ওই ওয়ার্ডের অন্য যেকোনো স্থানে করা যেত। এমনকি পাশের কলেজ ক্যাম্পাসেও করা সম্ভব ছিল। তার পরও স্থানীয় নেতারা সড়ক বন্ধ করে সড়কের ওপর সমাবেশ করেছেন।
এ ব্যাপারে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌরসভার কাউন্সিলর মো. রেজাউল ইসলাম জানান, বিষয়টি আসলে ঠিক হয়নি। সমাবেশের কারণে সড়কটিতে চলাচলকারীদের সমস্যা হয়েছে। তিনি এটা চাননি, তবে অন্যরা সবাই মিলে এই স্থানে করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি কিছু করতে পারেননি।