শহিদুল হককে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. শহিদুল হককে গতকাল রোববার তাঁর পদ থেকে সরিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের (সিসিআইই) ঢাকার নিয়ন্ত্রক ছিলেন। ‘গুনে গুনে ঘুষ খান তিনি’ শিরোনামে প্রথম আলোতে প্রধান প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তাঁকে প্রত্যাহার করা হলো।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ-সংক্রান্ত আদেশে শহিদুল হককে ‘নিজ দপ্তর থেকে অব্যাহতিপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে’ বলে উল্লেখ করা হয়। ঘুষ গ্রহণের বিষয়ে মন্ত্রণালয় তদন্ত করছে।
জানতে চাইলে প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক মজিবুর রহমান বলেন, মন্ত্রণালয়ের আদেশ পাওয়ার পরই তাঁকে (শহিদুল) অবমুক্ত করে চিঠি দেওয়া হয়েছে। তিনি এখন থেকে আর এ কার্যালয়ের কর্মকর্তা নন।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি গতকাল সকালে শহিদুল হককে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ-সংবলিত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন দাখিল করে বাণিজ্যসচিবের কাছে। কমিটির সুপারিশ মেনেই তাঁকে অব্যাহতি দিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ জারি করা হয়।
ওই সূত্রমতে, মন্ত্রণালয়ে সংযুক্ত করার অর্থ হচ্ছে, শহিদুল হকের এখন কোনো কাজ নেই, বসার জন্য তাঁর কোনো কক্ষও নেই। যেহেতু শহিদুল হকের বিরুদ্ধে তদন্ত চলছে, তাই তাঁকে কোনো পদে রাখা হয়নি।
যোগাযোগ করা হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, আপাতত মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলেও নিবিড় তদন্তের মাধ্যমে শহিদুল হকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। তিনি মনে করেন, দুর্নীতি দমন কমিশনেরও উচিত বিষয়টির তদন্ত করা। তাঁর শাস্তি না হলে সমাজে ঘুষ-দুর্নীতি আরও প্রশ্রয় পাবে।