শহীদ চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে খুন হওয়া সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান ও তাঁর ছেলে শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

আজ মঙ্গলবার রাতে নজরুলের শূন্য আসনে উপ-নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এই জিডি করেন। ইকবাল হোসেন একই সঙ্গে জেলা নির্বাচন অফিসেও বিষয়টি লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান।

আগামী ২১ আগস্ট শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। 

এর আগে সোমবার জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় দুই প্রার্থীর সমর্থকদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান। ওই ঘটনার একদিন পরই শহীদুলের বিরুদ্ধে জিডি করা  হলো।

সাধারণ ডায়েরিতে ইকবাল অভিযোগ করেন, নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ও তাঁর ছেলে শফিকুল ইসলাম তাঁকে (ইকবাল) নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন কাজে বাধা দিচ্ছেন এবং অকথ্য ভাষায় গালমন্দসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এর আগে ৩ আগস্ট শহীদুল ইসলাম দক্ষিণপাড়া বাজারে হুমকি দেন। শহীদুল পরিবার ও সমর্থকদের বড় ধরনের ক্ষতি করতে পারেন এমন আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ  করেন ইকবাল।

থানায় জিডির আগে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে শহীদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ইকবাল হোসেন। সেখানে ইকবাল হোসেন অভিযোগ করেন, পুলিশ প্রহরায় চলাফেরা করা শহীদুল ইসলাম আমার (ইকবাল) সমর্থক ও কর্মীদের মারধর করে আসছে। ‘শহীদুল ইসলাম হুমকি দিয়ে বলেন, আমার হাত অনেক বড়। আমাকে পুলিশ পাহারা দেয়। যারা ইকবালের নির্বাচন করবে, তাদের জেলের ভাত খাওয়াব। প্রশাসন আমার কথায় ওঠে বসে।’এ অবস্থা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন ইকবাল।

ইকবাল হোসেনের থানায় জিডির অভিযোগ প্রসঙ্গে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম বলেন, ‘একজনের বিরুদ্ধে আরেকজন অভিযোগ করতেই পারে। কিন্তু আমি কাউকে হুমকি-ধমকি দিইনি।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, শহীদুল ইসলাম ও তাঁর ছেলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল হোসেন অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রুনু মিয়া তালুকদার জিডির সত্যতা স্বীকার করে বলেন, জিডির নম্বর ২০৭। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।