শহীদ চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান ও তাঁর ছেলে শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে নজরুলের শূন্য আসনে উপনির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় এই জিডি করেন। একই সঙ্গে ইকবাল হোসেন জেলা নির্বাচন কার্যালয়েও বিষয়টি সম্পর্কে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান।
এর আগে গত সোমবার জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় দুই প্রার্থীর সমর্থকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন শহীদ চেয়ারম্যান। ওই ঘটনার এক দিন পরই শহীদুলের বিরুদ্ধে জিডি করা হলো।
জিডিতে ইকবাল অভিযোগ করেন, শহীদ চেয়ারম্যান ও তাঁর ছেলে শফিকুল ইসলাম তাঁকে (ইকবাল) নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন কাজে বাধা দিচ্ছেন ও অকথ্য ভাষায় গালমন্দসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এর আগে ৩ আগস্ট শহীদুল ইসলাম দক্ষিণপাড়া বাজারে হুমকি দেন। শহীদুল পরিবার ও সমর্থকদের বড় ধরনের ক্ষতি করতে পারেন, এমন আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ করেন ইকবাল।
অভিযোগ প্রসঙ্গে শহীদ চেয়ারম্যান বলেন, ‘একজনের বিরুদ্ধে আরেকজন অভিযোগ করতেই পারে। কিন্তু আমি কাউকে হুমকি-ধমকি দিইনি।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রুনু মিয়া তালুকদার জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।