শহীদ জিয়া স্মৃতি সংসদে ভাঙচুর
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামে গত সোমবার রাতে শহীদ জিয়া স্মৃতি সংসদে হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে বৈকন্ঠপুর গ্রামে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের লাগানো কাপড়ের তৈরি একটি নৌকায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার পর সোমবার সকাল থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। সন্ধ্যার পর যুবলীগের নেতা-কর্মীরা বৈকন্ঠপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এরপর রাত আটটার দিকে শহীদ জিয়া স্মৃতি সংসদে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।
রামনারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি কাউছার হামিদের অভিযোগ, আওয়ামী লীগ ও যুবলীগের মিছিল থেকে শহীদ জিয়া স্মৃতি সংসদে হামলা-ভাঙচুর চালানো হয়েছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে বৈকণ্ঠপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সোহেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি এ ধরনের কোনো ঘটনা শোনেননি। কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ করেননি।