শহীদ মিনার নির্মাণ প্রকল্পে অনিয়ম পিআইও গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলায় শহীদ মিনার নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) স্বপন কুমার ব্রহ্মকে (৪৫) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুদকের সদস্যরা তাঁকে খুলনা মহানগরের বয়রা এলাকা থেকে গ্রেপ্তার করেন। বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
দুদকের খুলনা জেলা সমন্বয় কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহা. মোশাররফ হোসেন বলেন, ২০১১-১২ অর্থবছরে রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘির পাড়ে নতুন একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। এ জন্য হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার গোলদারকে সভাপতি এবং কয়েকজন ইউপি সদস্যকে সদস্য রেখে একটি কমিটি করে চার লাখ ৯১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই কাজের তদারকির দায়িত্বে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন কুমার ব্রহ্ম। তিনি কমিটির সদস্যদের যোগসাজশে শহীদ মিনার নির্মাণে বরাদ্দের চেয়ে প্রায় ৯০ হাজার টাকা বেশি খরচ করেন। পরে দুদক ঘটনা জানতে পেরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে (এলজিইডি) দিয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকল্প কর্মকর্তার অনিয়ম চিহ্নিত করে।
ডিএডি বলেন, শহীদ মিনার নির্মাণে অতিরিক্ত খরচ করা হলেও কাজ সেই মানের হয়নি। এতে বোঝা যায়, তিনি অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন করেছেন।