শহীদ মিনার ভাঙায় ছাত্রলীগ জড়িত?
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ন্যাশনাল উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারটি গত মঙ্গলবার রাতে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় জিডি করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সহিদার রহমান।
জোংড়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক রকিবুল হাসান আশরাফী অভিযোগ করেছেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ মোর্শেদের নির্দেশে তাঁর অনুসারীরা শহীদ মিনারটি ভেঙে ফেলেছে। তবে খালিদ মোর্শেদ অভিযোগ অস্বীকার করেছেন।
বিদ্যালয় সূত্রমতে, গত নভেম্বরে দুজন শিক্ষক নিয়োগে ‘ডোনেশন’-এর টাকা নেয় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। কার্যালয় নির্মাণের নামে ওই টাকার ভাগ দাবি করে ইউনিয়ন ছাত্রলীগ। কিন্তু টাকা না পাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তারা মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশরাফ আলীর ছেলে খালিদ মোর্শেদের অনুসারী। অভিযোগ রয়েছে ছাত্রলীগ কার্যালয়ের জন্য এর আগে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ২০ হাজার টাকা দিয়েছিলেন।
২০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করলেও শহীদ মিনার ভাঙার সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে খালিদ মোর্শেদ বলেন, ‘ঘটনার তিন দিন আগে থেকে আমি এলাকায় ছিলাম না। ছাত্রলীগের কেউ এতে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সহিদার রহমান বলেন, ছাত্রলীগের কার্যালয় নির্মাণ বাবদ টাকা দেওয়া হয়েছে কি না, তা তাঁর জানা নেই। বিজয় দিবসে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে কথা বলতে গত মঙ্গলবার ছাত্রলীগের নেতা-কর্মীরা এসেছিলেন। তাঁদের ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হয়। বুধবার সকালে স্কুলে এসে দেখতে পান শহীদ মিনারটি কে বা কারা ভেঙে ফেলেছে।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জোংড়া ন্যাশনাল উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশরাফ আলী বলেন, কে বা কারা শহীদ মিনার ভেঙেছে, তা তাঁর জানা নেই। ছেলে খালিদ মোর্শেদকে ২০ হাজার টাকা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ছাত্রলীগের কার্যালয় নির্মাণের জন্য দলীয়ভাবে চাঁদা তুলে দেওয়া হয়েছে, বিদ্যালয়ের তহবিল থেকে নয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, স্কুল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।